রোজদিন ডেস্ক : এসআইআরে বিএলও-দের ভীতি প্রদর্শন নিয়ে পারস্পরিক অভিযোগে তেতে উঠেছে রাজ্য রাজনৈতিক মহল। বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বিএলও-দের হুমকি দিয়ে ভয় দেখানোর অভিযোগে এবার নির্বাচন কমিশনকে চিঠি দিলেন রাজ্যের মন্ত্রী তথা টিএমসি নেতা অরূপ বিশ্বাস। তাঁর অভিযোগ, বিহারের প্রসঙ্গ টেনে এই রাজ্যে ও বিএলও-দের ভয় দেখাচ্ছেন বিরোধী নেতা। অবিলম্বে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশনকে আর্জি জানিয়েছেন তিনি।
তাঁর অভিযোগ, ভোটার তালিকায় অখন্ডতা রক্ষার দায়িত্ব যে সরকারি কর্মীদের দেওয়া হয়েছে, খুব পরিকল্পিত ভাবে তাঁদের ভয় দেঝানো হচ্ছে। এখন থেকে বিষয়টি গুরুত্ব দিয়ে না দেখলে রাজ্যে অবাধ ও স্বচ্ছ নির্বাচন হবে না। এসআইআর ঘোষণার পর বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর মত জনপ্রতিনিধি যে সব মন্তব্য করছেন, তা ফৌজদারি অপরাধের সামিল বলে অরূপ বিশ্বাস জানান। এর স্বপক্ষে বিরোধী নেতার বক্তব্য সহ ভিডিও-ও তিনি দাখিল করেছেন।
সব বি এল ও যাতে রাজনৈতিক ভীতি প্রদর্শন থেকে দূরে থাকতে পারেন, এর জন্য কমিশন দ্রুত নির্দেশিকা জারির দাবি জানান।
রাজনৈতিক মহলের ধারণা, শাসক দলের একাধিক নেতার বিরুদ্ধে প্রায় প্রতিদিনই এসআইআর নিয়ে হুংকারের প্রেক্ষিতে রক্ষণাত্মক ভূমিকা নিতে অরূপ বাবুর এই পদক্ষেপ।
এর আগে মুখ্যমন্ত্রী-সহ শাসক দলের একাধিক নেতার বিরুদ্ধে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে বিএলও-দের হুশিয়ারি, এস আই আর বিরোধিতার অভিযোগে সরগরম রাজ্য। এবার পাল্টা বিরোধী নেতার বক্তব্যর বিরুদ্ধে কমিশনকে চিঠি দেওয়ায় তা নয়া মাত্রা যোগ করলো।

Be the first to comment