রোজদিন ডেস্ক, কলকাতা :- বিহারের আসন্ন বিধানসভা ভোটে আরজেডি-কংগ্রেস-বামেদের ‘মহাগঠবন্ধনে’ শামিল হতে চায় আসাদউদ্দিন ওয়েইসির দল
মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন বা মিম। হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসির দল ইতিমধ্যেই প্রকাশ্যে এ বিষয়ে বার্তা দিয়েছে।
দলের বিহার রাজ্য সভাপতি তথা বিধায়ক আখতারউল ইমান আজ সংবাদমাধ্যমকে জানান ‘‘ধর্মনিরপেক্ষ ভোটের বিভাজন এড়াতে আমরা মহাগঠবন্ধনের সঙ্গে জোট বেঁধে লড়তে চাই। বল এখন তাদের কোর্টে।’’
প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গের লাগোয়া বিহারের আটটি বিধানসভা কেন্দ্র রয়েছে। কিষানগঞ্জ, পূর্ণিয়া, কাটিহার জেলার এই আটটি আসন পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর বা মালদহের লাগোয়া। বিহারে মিম ওই আটটি আসনেই লড়েছিল ২০২০-তে। ভোটের ফল বলছে, তারা যে পাঁচটি আসনে জিতেছিল, তার মধ্যে বাংলার সীমানা লাগোয়া চারটি আসন রয়েছে।
২০২০ সালের বিহার বিধানসভা ভোটে মায়াবতীর বিএসপি এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী উপেন্দ্র কুশওয়াহারা রাষ্ট্রীয় লোকসমতা পার্টির সঙ্গে সমঝোতা করে ওয়েইসির দল ২০টি আসনে লড়ে পাঁচটি দখল করেছিল।

Be the first to comment