রোজদিন ডেস্ক :
ছত্রিশ দিনে চারবার ওসি বদল হোল কালিঘাট থানার। আজ ভাঙড় শাখার পোলেরহাট থানার অতিরিক্ত ওসি বলাই বাগ-কে এখানকার ওসি করা হোল বলে জানা যায়।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের নির্দেশে কলকাতার গুরুত্বপূর্ণ কালিঘাট থানার ওসি-কে আগেই বদল করে আনা হয়েছিল গৌতম দাস-কে। নির্বাচনের দিন মুখ্যমন্ত্রীর ভাই গণেশ ও তাঁর কাউন্সিলর স্ত্রী কাজরী ব্যানার্জিকে পৃথকভাবে হুঁশিয়ারি দিয়ে সংবাদের শিরোনামে এসেছিলেন তিনি। কিন্তু শুক্রবার সমাজ মাধ্যমে আগ্নেয়াস্ত্র হাতে তাঁর ছবি ছড়িয়ে পড়লে আলোড়ন ওঠে।
গতকালই নির্বাচন কমিশনের নির্দেশে তাঁকে সাসপেন্ড করা হয়। তাঁর জায়গায় আসেন চামেলি মুখার্জি।
কিন্তু তাঁকেও সরানো হোল। অভিযোগ, তাঁর বিরুদ্ধে মামলা চলছে। আজ ভাঙড় শাখার পোলেরহাট থানার অতিরিক্ত ওসি বলাই বাগ-কে কালিঘাট থানার ওসি-র দায়িত্ব দেওয়া হয়েছে।
গত ছত্রিশ দিনে এই গুরুত্বপূর্ণ থানায় একাধিকবার ওসি বদল নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে।
উল্লেখ্য, এই থানার প্রাক্তন ওসি শান্তনু সিংহ বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। তিনি মুখ্যমন্ত্রীর স্নেহধন্য, আস্থাভাজন ছিলেন বলে সূত্রের খবর। মুখ্যমন্ত্রী সহ একাধিক গুরুত্বপূর্ণ টিএমসি নেতার বাড়িও এই এলাকায়।

Be the first to comment