ভোটমুখি বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার, ফের সরব বিদেশ মন্ত্রক, উদ্বেগ ব্রিটেনের সাংসদ প্রীতি প্যাটেলের 

Spread the love

রোজদিন ডেস্ক : ভোটমুখি বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার নিয়ে ফের সরব বিদেশ মন্ত্রক। আজ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল উদ্বেগ ব্যক্ত করে বলেন, এই ধরনের সাম্প্রদায়িক ঘটনা দ্রুত ও দৃঢ়ভাবে মোকাবিলা করা প্রয়োজন।
অন্যদিকে ব্রিটেনের সাংসদ প্রীতি প্যাটেল বাংলাদেশের ঘটনায় উদ্বেগ ব্যক্ত করে ওই দেশের বিদেশ সচিবকে চিঠি দিয়েছেন। সূত্রের খবর, ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা উচিত। সংখ্যালঘু হিন্দুদের হত্যা, নির্যাতনের ঘটনা অন্যায় ও অবিলম্বে তা বন্ধ করা উচিত বলে তিনি জানান। গত ১৮ দিনে বাংলাদেশে অন্তত ৬ জন হিন্দু হত্যার খবরে তিনি গভীর উদ্বেগ ব্যক্ত করেন। এই বিষয়ে ব্রিটেনের সরকারকেও বাংলাদেশে স্থিতিশীলতা রক্ষায় ব্যবস্থা নিতে তিনি আর্জি জানান।
ভারতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আরও বলেন, বাংলাদেশে সংখ্যালঘু নিধনের ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা, রাজনৈতিক মতান্তর, বহিরাগত কারণ ইত্যাদির কথা বলা হচ্ছে, একে তিনি উদ্বেগজনক প্রবণতা বলে অভিহিত করেন। এই ধরনের প্রবণতা অপরাধীদের সাহস জোগায় বলে তিনি মন্তব্য করেন। তাঁদের আশা, বাংলাদেশ সরকার দৃঢ়তার সঙ্গে এই সব সমস্যা সমাধান করবে।
সম্প্রতি এক রিপোর্টে জানা যায় আইএসআই ও জামায়াত বাংলাদেশে সংখ্যালঘু শূন্য করার লক্ষ্যে এই সব নিপীড়ন চালাচ্ছে। ওই দেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তা চান না।
কেন্দ্রীয় সরকার যে প্রতিবেশী দেশের পরিস্থিতির ওপর নজর রাখছে বিদেশ মন্ত্রকের বক্তব্যে তা স্পষ্ট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*