ফের উত্তপ্ত বাংলাদেশ! জারি হল কার্ফু

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ফের উত্তপ্ত বাংলাদেশ! বুধবার নতুন করে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৪ জন। রীতিমতো থমথমে পরিস্থিতি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জেলা গোপালগঞ্জে। ঘটনাটি ঘটে গতকাল, বুধবার। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পূর্বনির্ধারিত সমাবেশকে কেন্দ্র করে গতকাল আওয়ামী লীগ সমর্থকদের সাথে নিরাপত্তা বাহিনীদের ব্যাপক সংঘর্ষ বাধে। কমপক্ষে চারজন নিহত এবং একাধিক জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কার্ফু জারি করেছে প্রশাসন।

সূত্রের খবর, সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ৪ জন। চার জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, কিছু এলাকায় সেনাবাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালায়। চৌরঙ্গীর এক মুদি দোকানদার জানান, তিনি দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে যেতে দেখেছেন।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম খুলনায় এক সাংবাদিক সম্মেলনে বলেন, “গোপালগঞ্জে আমাদের শান্তিপূর্ণ সমাবেশ শেষে আমরা মাদারীপুরের দিকে যাচ্ছিলাম। তখনই আওয়ামী লীগের সশস্ত্র কর্মীরা আমাদের উপর আক্রমণ চালায়”।

তিনি আরও জানান, সমাবেশ শুরুর আগে ২০০-৩০০ সশস্ত্র ব্যক্তি বিস্ফোরণ ঘটায় ও ব্যানার ছিঁড়ে ফেলে। পুলিশ সাময়িকভাবে পিছু হটলেও পরে এনসিপি নেতাদের সহায়তায় আক্রমণকারীদের হটানো হয়।

এই ঘটনায় শেখ হাসিনার আওয়ামী লীগ-র ছাত্র সংগঠনের উপর আঙুল তুলছেন মহম্মদ ইউনূস। তিনি লেখেন, “অপরাধীদের চিহ্নিত করে সম্পূর্ণ জবাবদিহি করতে হবে। বাংলাদেশের কোনও নাগরিকের বিরুদ্ধে এই ধরনের সহিংসতার কোনও স্থান নেই”।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*