রোজদিন ডেস্ক, কলকাতা:- রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দ্রুত করার বিষয়ে কড়া পর্যবেক্ষণ দিল কলকাতা হাইকোর্ট। ‘ছাত্র সংসদের নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করার বিষয়ে কি ভাবছে রাজ্য?’ জানাতে হবে দু’সপ্তাহের মধ্যে, নির্দেশ বিচারপতি সৌমেন সেনের।
শুধু তাই নয়, শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি গঠনে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার নির্দেশও দিয়েছে আদালত। বিচারপতি সৌমেন সেন স্পষ্ট ভাষায় বলেছেন, “গভর্নিং বডিতে এমন বিশিষ্ট শিক্ষাবিদদের রাখা হোক, যাঁদের কাছ থেকে পড়ুয়ারা কিছু শিখতে পারে।”
এদিন আদালতে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, “এই অস্থায়ী বা অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়ে আমরা নির্বাচনে যাব না। এটা রাজনৈতিক নিয়োগ। এই সিদ্ধান্তকে আমরা চ্যালেঞ্জ করেছি।” এ কথা শুনে বিচারপতি সৌমেন সেন মন্তব্য করেন, “এটা আপনি বলতে পারেন না।”
রাজ্যের সওয়াল, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, অন্তর্বর্তীকালীন উপাচার্যরা কোনও নীতিগত সিদ্ধান্ত নিতে পারবেন না। সুতরাং ছাত্র সংসদ নির্বাচন নিয়ে পদক্ষেপ করার ক্ষমতা তাঁদের নেই। তবে আদালতের পর্যবেক্ষণ, যেখানে নিয়মিত উপাচার্য রয়েছেন, সেখানে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে হবে।

Be the first to comment