রোজদিন ডেস্ক : দেশের জন্য, জন্মভূমির জন্য যারা নিজের জীবন বলিদান দিয়েছেন তাদের সম্মানিত করার পালা। এই ভাবনাতেই এবার পুজোর মণ্ডপসজ্জায় চমক আনছে বারাসত ৪-এর (barasat) পল্লি সর্বজনীন পুজো কমিটি। বারাসতের বড় পুজোগুলির মধ্যে ৪-এর পল্লি সর্বজনীন একটা নাম। ৪৩ বছরের পরম্পরা। শেষ ৯ বছর টানা বিশ্ববংলা শারদ সম্মান।
সেই জায়গায় দাঁড়িয়ে ৪৪তম বর্ষে তাদের মণ্ডপসজ্জার থিম ‘বীরগাঁথা’। মহাভারতের চক্রব্যূহে অভিমন্যুর যুদ্ধ থেকে জম্মু-কাশ্মীরের পুলওয়ামা, সব ঘটনা নিয়েই সেজে উঠছে মন্ডপ।
থাকছে স্বাধীনতা সংগ্রামীদের বীরত্বের ইতিহাস। বাঁশ, কাঠের গুড়ি, প্লাই, তারজালি, ফোম দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ। পূর্ব মেদিনীপুরের শিল্পী বিশ্বরঞ্জন রাজের ছোঁয়ায় সেজে উঠছে মণ্ডপ। ভেতরে থাকছে নানা মডেল। থাকছে অত্যাধুনিক চমক দেওয়া আলোকসজ্জা। ১২০ ফুট উচ্চতা ও ৭০ ফুট চওড়া মণ্ডপ জুড়ে থাকছে সামঞ্জস্যপূর্ণ আলোকসজ্জা।

পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শিল্পী সনাতনরুদ্র পালের হাতেই এবার প্রতিমা মৃন্ময়ী রূপ পাচ্ছে। সবকিছুর মিশেলে এই পুজো এবারও দর্শনার্থীদের মন জয় করবে বলেই মনে করেন
পুজোর প্রধান পৃষ্ঠপোষক তথা জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী। বলছেন, বিগত বছরের ধারা মেনে এবারও পঞ্চমীর দিন দরিদ্র মহিলাদের দেওয়া হবে নতুন শাড়ি। ২৩ সেপ্টেম্বর ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment