মহালয়া থেকে পথে বাড়তি পুলিশ, শহর থেকে জেলা, পুজোর নিরাপত্তা নিয়ে একগুচ্ছ পদক্ষেপ পুলিশের

Spread the love

রোজদিন ডেস্ক : মহালয়ার পর থেকেই রাত জাগা শুরু হবে শহর কলকাতার। বাদ যাবে না শহরতলিও। মানুষের ঢল নামবে রাস্তায়। সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত পশ্চিমবঙ্গ পুলিশ। জানিয়ে দিলেন এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম। তিনি বলেন, জেলায় মোতায়েন করা হচ্ছে অতিরিক্ত ১০ থেকে ১৫ হাজার পুলিশ। শুধু পুজোর সময় নয়, অতিরিক্ত নজর দেওয়া হবে জেলার কার্নিভালগুলিতেও। সব মিলিয়ে দর্শনার্থীদের নিরাপত্তা ও ট্রাফিক সচল রাখতে পুলিশ যে প্রস্তুত তাও জানিয়ে দিয়েছেন তিনি। মহালয়া থেকে রাজ্যের বিভিন্ন অংশে মোতায়েন করা হবে পুলিশ। বিভিন্ন ঘাটের নিরাপত্তা নিশ্চিত করা থেকে আম জনতাকে নিরাপত্তা দিতেও পুলিশ প্রস্তুত। যে জেলায় যেমন পুজো হয়, সেই মোতাবেক পুলিশ মোতায়েন করা হচ্ছে। জেলাজুড়ে ১০ থেকে ১৫ হাজার পুলিশকর্মীরা রাস্তায় থাকবেন। হেড কোয়ার্টার ও অন্য সব ফোর্সকে তৈরি রাখা হচ্ছে। অতিরিক্ত হোমগার্ড, এনসিসি, স্থানীয় যুবকদের কাজে লাগানো হবে। ট্রাফিক সচল রাখতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, দুর্গাপুজোয় দর্শনার্থীদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের। একটা ভালো পুজো উপহার দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। কলকাতা ও শহরতলির পুজোর সঙ্গে তাঁর মুখে শোনা গিয়েছে জেলার পুজোর কথাও। জেলার বড় পুজোগুলোর ভিড় সামলাতেও পুলিশ প্রস্তুত সেকথা জানিয়েছেন জাভেদ শামিম। বলেন, সব জায়গায় ভালো পুজো হচ্ছে। হোমওয়ার্ক করা থাকলে সেই ভিড় সামলাতে আমাদের কোনও সমস্যা হবে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*