রোজদিন ডেস্ক : বারাসত ও মধ্যমগ্রামের কালীপুজোর খ্যাতি বাংলাজোড়া। পুজো মিটতেই নির্বিঘ্নে ও নিরাপদে কালীপুজো সামলাতে মাঠে নেমে পড়েছে পুলিশ, প্রশাসন। আবহাওয়া ভালো থাকায় শেষ মুহূর্তের কাজে ব্যস্ত থিমশিল্পী থেকে উদ্যোক্তারা। পুলিশের তথ্য বলছে, বারাসত জুড়ে ১২টি বড় পুজোর সঙ্গে আরও দুশোটির বেশি পুজো হয়। মধ্যমগ্রামে অনুমোদিত পুজোর সংখ্যা ৪৯টি। বড় পুজো ৯টি। এছাড়া অনুমোদিত নয় এমন পুজোর সংখ্যা আড়াইশোর কাছাকাছি। কালীপুজোয় এবার ভিড় সামলাতে একাধিক পদক্ষেপ নিয়েছে জেলা পুলিশ। মঙ্গলবার সকালে এই নিয়ে বারাসতের বিগ বাজেটের পুজো কর্তাদের সঙ্গে কথা বলেন খোদ পুলিশ সুপার। এসপি প্রতীক্ষা ঝারখরিয়া জানান, গত বছর কালীপুজোয় বারাসতের একাধিক বড় পুজোর একইদিনে উদ্বোধন হয়েছিল। ফলে যান নিয়ন্ত্রণে আনতে সমস্যা হয়েছিল। তাই এবার প্রথম থেকেই উদ্বোধনের দিন আলাদা করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। দর্শনার্থীদের প্রতিমা দর্শনে যাতে অসুবিধে না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। জাতীয় সড়কের ওপর কোনও ওভারহেড ইলেকট্রিক গেট তৈরি করা যাবে না। পুজোর দিনগুলিতে বারাসতবাসীর যাতায়াতের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে। পুজোর দিনগুলিতে ব্যবসায়ীদের জাতীয় সড়কের পার্শ্ববর্তী এলাকার যত্রতত্র ব্যবহার না করার অনুরোধ জানান তিনি। সঙ্গে থাকছে পর্যাপ্ত নিরাপত্তা। আদালত যেভাবে নির্দেশ দিয়েছে সেভাবেই সমস্ত ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।

Be the first to comment