রোজদিন ডেস্ক : সাড়ে তিন বছর পর পুরপ্রধানের পদে ফিরলেন সুনীল মুখোপাধ্যায়। দায়িত্ব নিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বারাসতকে গ্রিন অ্যান্ড ক্লিন সিটি বানানোর অঙ্গীকার করলেন পুরপ্রধান। আগামী ৩-৪ মাসের মধ্যে বারাসতকে জঞ্জালমুক্ত করারও আহ্বান জানান তিনি। বারাসত পুরসভার বিদ্যাসাগর সভাকক্ষে তাঁকে শপথবাক্য পাঠ করান বারাসতের মহকুমাশাসক সোমা দাস। উপস্থিত ছিলেন পুরসভার সিআইসি, কাউন্সিলর ও দলীয় নেতৃত্ব। এদিন বাংলায় শপথ নেন সুনীলবাবু। এদিকে দলের নির্দেশে পদ গেল আর এক চেয়ারম্যানের। পদত্যাগ করলেন তমলুক পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায়। দলের তরফে গত বৃহস্পতিবারই তমলুক পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের কাছে পদত্যাগের নির্দেশ এসেছিল। মঙ্গলবার সেইমতো বোর্ড অফ কাউন্সিলরের কাছে পদত্যাগপত্র জমা করেন চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায় ও ভাইস চেয়ারম্যান লীনা মাভৈ। দীপেন্দ্র তমলুক পুরসভায় কাউন্সিলর হিসেবে ২০০০ সাল থেকে টানা নির্বাচিত হয়ে আসছিলেন।

Be the first to comment