রোজদিন ডেস্ক,কলকাতা :- হরিয়ানার নতুন রাজ্যপাল হলেন অসীম কুমার ঘোষ৷ এরাজ্যের বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ছিলেন তিনি। যেখানে বিজেপির বিরুদ্ধে এরাজ্য থেকে শাসক দল তৃণমূল কংগ্রেস সবথেকে বেশি অভিযোগ তুলছে যে বিজেপি বাঙালী বিদ্বেষী। ঠিক সেই আবহেই এক অবাঙালী রাজ্যের রাজ্যপাল হলেন বাঙালী অসীম ঘোষ।
১৯৬৬ থেকে ২০০৪ সাল পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অধ্যাপনা করেছেন অসীম ঘোষ। ৩ বছর ইউজিসির টিচার্স ফেলো ছিলেন। ১৯৯১ সালে বিজেপিতে যোগদান করেন তিনি। ১৯৯৬ সালে রাজ্য বিজেপির সম্পাদক হন। ১৯৯৮ সালে মনোনীত হন রাজ্য বিজেপির সহ’সভাপতি হিসাবে। এবং ১৯৯৯-২০০২ তিনি ছিলেন এ রাজ্যের বিজেপির রাজ্য সভাপতি। এছাড়াও তিনি হাওড়া লোকসভা কেন্দ্র থেকে উপনির্বাচনেও বিজেপির প্রার্থী হয়েছিলেন।
তাঁর ব্যক্তিগত জীবনে জানা যায়, তিনি হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন। কলকাতার বিদ্যাসাগর কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানের স্নাতক, এবং তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন তিনি।
বাংলা, বাঙালী আবহে প্রতিনিয়ত তাপ উত্তাপ বেড়েই চলেছে ভারতীয় রাজনীতিতে। এই মাহেন্দ্রক্ষণে এক অবাঙালী রাজ্যের রাজ্যপাল বাঙালী নিযুক্ত করে কার্যত বিজেপির বাঙালী ভিতকে মজবুত করতে চান বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Be the first to comment