প্রতিবেদন: রাজ্য প্রশাসনের সর্বস্তরে বাংলার ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাঠানো এক চিঠির ভিত্তিতে আগামী ১ সেপ্টেম্বর থেকে রাজ্য সরকারের সমস্ত দফতর, কার্যালয় এবং সরকারি পরিষেবায় বাংলা ভাষাকেই কার্যকর প্রশাসনিক ভাষা হিসেবে প্রয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার বিধানসভায় ঘোষণা করেছেন। বিবৃতিতে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তাঁর সাম্প্রতিক তিন দিনের পশ্চিমবঙ্গ সফরের সময় একটি চিঠি দিয়ে রাজ্য প্রশাসনে বাংলা ভাষার ব্যাপক ব্যবহারের আহ্বান জানিয়েছেন। সেই চিঠিতে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীর প্রসঙ্গ তুলে প্রশাসন, শিক্ষা এবং জনজীবনে ভারতীয় ভাষার গুরুত্বের কথা উল্লেখ করা হয়েছে।
চিঠিতে বিশেষ ভাবে বলা হয়েছে, ভূমি ও ভূমি সংস্কার দফতর থেকে মুখ্যমন্ত্রীর দফতর পর্যন্ত প্রশাসনের প্রতিটি স্তরে ফাইল পরিচালনা, নোটিং, দফতরের চিঠিপত্র এবং সরকারি আদেশ বাংলা ভাষায় হওয়া উচিত। একই সঙ্গে নাগরিক পরিষেবা, ডিজিটাল প্রশাসন, আবেদনপত্র, শংসাপত্র, সরকারি পোর্টাল, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রশিক্ষণ সামগ্রী, সংবাদ বিজ্ঞপ্তি এবং অন্যান্য সরকারি যোগাযোগের ক্ষেত্রেও বাংলাকে অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করা হয়েছে। পুলিশি পরিষেবায় এফআইআর, জেনারেল ডায়েরি এবং জনসচেতনতামূলক বার্তাতেও বাংলার ব্যবহার বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। ওই চিঠি উদ্ধৃত করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গে সমস্ত সরকারি ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক হবে। এই সময়ের মধ্যে অনুবাদ-সহ প্রয়োজনীয় পরিকাঠামো ও প্রস্তুতির কাজ সম্পূর্ণ করা হবে।

Be the first to comment