রোজদিন ডেস্ক : ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ফলাফলকে চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলায় এবার লিখিত জবাব দিতে হবে ওই কেন্দ্রের জয়ী বিজেপি প্রার্থী তথা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। ওই কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আনা ভোটে কারচুপির অভিযোগের প্রেক্ষিতেই এই জবাব তলব করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি গৌরাঙ্গ কান্থ। শুভেন্দু অধিকারীকে লিখিত বক্তব্য জানানোর জন্য আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়েছে আদালত। গত আগস্টের শুনানিতে শুভেন্দু অধিকারীর আইনজীবী আদালতের কাছে জবাব দেওয়ার জন্য সময় চেয়েছিলেন। তখন বিচারপতি তিন সপ্তাহ সময় মঞ্জুর করেছিলেন। ভবানীপুরের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করেন মমতার আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ওই নির্বাচনে ভোট প্রক্রিয়া এবং গণনায় ব্যাপক কারচুপি হয়েছে। মঙ্গলবারের শুনানিতে মমতার পক্ষে আদালতে হাজির ছিলেন আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। এর আগে এই মামলায় ইভিএম, সিসিটিভি ফুটেজ সহ নির্বাচন সংক্রান্ত সমস্ত নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছে আদালত।

Be the first to comment