রোজদিন ডেস্ক : নির্বিঘ্নে চলছে বিহারে দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব। সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল ৩১.৩৮ শতাংশ। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে বিহারের কিসানগঞ্জ বিধানসভা কেন্দ্রে। সকাল ১১টা পর্যন্ত সেখানে ভোটদানের হার ৩৪.৭৪ শতাংশ। বিহারের রোহতস জেলার করগহর বিধানসভা কেন্দ্রে ভোট দিলেন জন সুরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর। ভোটদানের পর ‘পরিবর্তনের পক্ষে’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হতেই বিহারবাসীর উদ্দেশে বার্তা দিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধিও। সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘চাকরি, শিক্ষা, স্বাস্থ্য এবং শিল্পের জন্য, গণতন্ত্র ও সংবিধান রক্ষার জন্য এবং বিহারের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভোট দিন। এমন একটি সরকার গঠন করুন যা আপনাদের জন্য কাজ করবে।’ এদিন বিহারের মোট ১২২টি আসনে ভোটগ্রহণ চলছে। এই পর্বে প্রার্থী সংখ্যা ১৩০২ জন। ভোটার সংখ্যা সাড়ে তিন কোটিরও বেশি। এদিন সকালে বিহারবাসীর উদ্দেশে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমাজমাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, আমি সকল ভোটারকে নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে ভোটদানের নতুন রেকর্ড গড়ার জন্য আহ্বান জানাচ্ছি। যারা প্রথম বারের মতো ভোট দিচ্ছেন, তাঁদের কাছে অনুরোধ, তাঁরা যেন নিজেরা ভোট দেওয়ার পাশাপাশি অন্যদেরও ভোটদানে অনুপ্রাণিত করেন।

Be the first to comment