দিল্লি বিস্ফোরণে যুক্তদের ছাড়া হবে না, কড়া বার্তা প্রধানমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : 
দিল্লির লাল কেল্লার কাছে বিস্ফোরণে যুক্তদের কোন ভাবে ছাড়া হবে না বলে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ ভুটানের রাজধানী থিম্পুতে তিনি বলেন, যারা এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, তাদের সবার বিচার হবেই হবে।
গতকাল সন্ধ্যায় জনবহুল লাল কেল্লার কাছে ভয়ংকর বিস্ফোরণে এখন অবধি মৃতের সংখ্যা বেড়ে হয়েছে বারো। এই ঘটনার পরপরই সারা দেশে কড়া সর্তকতা জারি হয়েছে।
ভুটানের রাজা জিগমে থেসার নামগেল ওয়াংচুকের সত্তর বছরের জন্মদিন পালনের অনুষ্ঠানে যোগ দিতে আজ ওই দেশে গেছেন প্রধানমন্ত্রী।
সেখানে এক সরকারি অনুষ্ঠানে তিনি দিল্লির গতকালের বিস্ফোরণকে ভয়াবহ, ভয়ংকর বলে জানান। এই বিস্ফোরণে নিহত ও আহতদের পরিবারের জন্য গভীর শোক ব্যক্ত করেন।
বলেন, সারা দেশ, জাতি এই ভয়ংকর বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে আছে। তিনি এই বিষয়ে তদন্তকারী সংস্থাগুলির সঙ্গে অবিরত যোগাযোগ রেখেছেন। রাতভর এইসব সংস্থা অবিরাম কাজ করেছেন। তাঁরা এই ভয়াবহ ষড়যন্ত্রের মাথাদের চিহ্নিত করতে পারবেন বলে প্রধানমন্ত্রী জোরের সঙ্গে বলেন। জানান, যারা এই বিস্ফোরণ এর নেপথ্যে আছে, তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে।
গতকালের এই বিস্ফোরণের পর আজও দিল্লিতে পরিস্থিতি থমথমে। সর্বত্র নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা আরও কঠোর ও জোরদার করা হয়েছে। দেশের সব রাজ্যেই কঠোর সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
কে বা কারা এর নেপথ্যে আছে তদন্ত কারী সংস্থাগুলি তাদের খোঁজে সর্বশক্তি নিয়োগ করেছে বলে জানা যায়।
দিল্লির ভিআইপি এলাকাগুলির পাশে সর্বত্রই উর্দিধারী ছাড়া প্রচুর সাদা পোশাকের পুলিশ, নিরাপত্তাকর্মীও আছেন বলে প্রকাশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*