রোজদিন ডেস্ক: চোরবাগানের পুজো মণ্ডপে মর্মান্তিক দুর্ঘটনার জেরে উৎসবের মধ্যেও এখনও শোকের পালা চলছে। এই আবহেই এই বছরের রাজ্য সরকারের বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হতে চলেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী ২৬ অক্টোবরের ওই অনুষ্ঠান হবে সম্পূর্ণ আড়ম্বরবর্জিত ও জৌলুসহীন। জাঁকজমক বা উৎসবের পরিবর্তে নিহতদের প্রতি শ্রদ্ধা, দুর্ঘটনা থেকে শিক্ষা এবং ভবিষ্যতের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার বার্তাই থাকবে অনুষ্ঠানে। এই বারের বিজয়া সম্মিলনীতে রাজ্যের বিভিন্ন পুজো কমিটিকে আমন্ত্রণ জানানো হয়েছে। চোরবাগান বিপর্যয়ের প্রেক্ষিতে ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার অভিজ্ঞতা নিয়ে পুজো উদ্যোক্তা ও প্রশাসনের মধ্যে বিস্তারিত আলোচনা হবে। আগামী বছর থেকে পুজো আয়োজনের ক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত ত্রুটি দূর করতে একগুচ্ছ সুপারিশও উঠে আসতে পারে।
এর আগে প্রতি বছর মুখ্যমন্ত্রীর বিজয়া সম্মিলনীতে টলিউড তারকা, বিশিষ্ট ব্যক্তিত্ব, শিল্পপতি ও পুজো কমিটির সমাগমে উৎসবমুখর পরিবেশ তৈরি হলেও, এ বছর সেই ছবি বদলাতে চলেছে। শোকের আবহে অনুষ্ঠানকে সংযত রাখার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রুখতে প্রশাসন ও পুজো কমিটিগুলির সমন্বয় জোরদার করাই হবে মূল লক্ষ্য।

Be the first to comment