রোজদিন ডেস্ক, কলকাতা:– হিন্দুদের পরিকল্পিতভাবে খুনের অভিযোগ তুলে সোমবার ১২ ঘণ্টার খেজুরি বনধ-এর ডাক দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
দিন কয়েক আগে খেজুরির জলসায় জোড়া রহস্যমৃত্যুতে খুনের অভিযোগ মৃতদের পরিবারের। এই জোড়া মৃত্যুর প্রতিবাদেই সোমবার খেজুরিতে ১২ ঘণ্টার বনধের ডাক দেয় বিজেপি। সেই বনধের সকাল থেকেই ব্যাপক প্রভাব পড়ে। যদিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই দুই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

সোমবার সকাল থেকে খেজুরির দিকে-দিকে বনধ সমর্থকরা রাস্তা অবরোধ শুরু করে দেয়। বেলা বাড়তেই বনধ ঘিরে অশান্ত হয়ে ওঠে খেজুরি। ট্রাক ভাঙচুরের ঘটনায় কাঠগড়ায় বনধ সমর্থকরা। বনধ সমর্থকদের অবরোধের জেরে প্রায় ৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ থাকে হেঁড়িয়া-খেজুরি রাজ্য সড়ক। পুলিশের সঙ্গে তাদের তুমুল তর্কাতর্কি শুরু হয়ে যায়।

সোমবার বনধের সমর্থনে খেজুরির জনকা থেকে বিদ্যাপীঠ পর্যন্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পদযাত্রা করে বিজেপি। পদযাত্রা শেষে বিদ্যাপীঠে সভায় ফের একবার পুলিশকে তুলোধনা বিরোধী দলনেতার। শুভেন্দু অধিকারী এদিন বলেন, “হিন্দুদের পরিকল্পনা করে হত্যা করা হচ্ছে। হিন্দু খুন করে গল্প ফাঁদছে পুলিশ।” খুনের মামলা রুজু করে দোষীদের গ্রেফতারির দাবি নন্দীগ্রামের BJP বিধায়কের।

এছাড়াও আজ শ্রীরামপুরের সাংগঠনিক জেলার সলপ কাঠলিয়া চৌমাথায় একটি সভা করেন বিরোধী দলনেতা। এই সভায় কসবা সহ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় কন্যাদের সুরক্ষার দাবিতে বিজেপির ডাকে কন্যা সুরক্ষা নিয়ে বিভিন্নভাবে প্রশ্ন তোলেন তিনি। এই যাত্রা অনুষ্ঠিত হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে।

Be the first to comment