ওবিসি রায়ে উচ্ছ্বসিত বিজেপি, বিধানসভায় লাড্ডু বিতরণ করলেন শুভেন্দুরা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- নিয়ম না মেনেই ওবিসি তালিকা তৈরি করেছিল রাজ্য। এনিয়ে সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলেছিল বিজেপি। গতকাল এক নির্দেশে সেই তালিকা ও সরকারি বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ জারি করেছে উচ্চ আদালত। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ ১৪০টি জনজাতিকে নিয়ে গঠিত নতুন বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে। আর আদালতের এই রায়কেই নিজেদের নৈতিক জয় হিসেবে দেখছে বিজেপি। এদিন তাই বিধানসভার বাইরে লাড্ডু বিতরণ করেন বিজেপি বিধায়করা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা এই মিষ্টি বিতরণ করলেন।
শুভেন্দু অধিকারী-সুকান্ত মজুমদাররা গতকালই জানিয়েছিলেন আজ বিধানসভায় তাঁরা উৎসব পালন করবেন। ওবিসি হিন্দু, কুর্মী, কুম্ভকার, স্বর্ণকার, নাপিত, কামার-কুমোর তাদের অধিকার লড়াইতে পাশে থাকার বার্তা দিতেই এই লড়াই। অন্যদিকে, বিজেপির প্রদেশ ওবিসি মোর্চাও সল্টলেকে অবস্থান কর্মসূচি পালন করে। এদিন বিধানসভার বাইরে বাজনা বাজিয়ে মিষ্টি বিতরণ করা হয়। শুধু তাই নয়, সাধারণ মানুষকেও মিষ্টিমুখ করানো হয়। বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন, “মমতার সরকার বারবার হিন্দু বিরোধী ওবিসি বিল নিয়ে এসেছিল। হাইকোর্ট থাপ্পর মেরে সেই বিলে স্থগিতাদেশ দিয়েছে। এই সরকার তোষণের রাজনীতি করছে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*