রোজদিন ডেস্ক, কলকাতা:– ‘সংবিধান হত্যা দিবস’ পালন করতে প্রতিটি রাজ্যকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। ২৫ জুন দিনটিকে ‘সংবিধান হত্যা দিবস’ হিসেবে পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশে তীব্র আপত্তি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠক করে গণতন্ত্র রক্ষায় বিজেপির ব্যর্থতার কথা তুলে ধরেন মমতা।
সংবিধান হত্যা দিবস পালনে আপত্তি আছে।

সংবিধান হত্যা দিবস পালন করতে রাজ্যকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় সরকার। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ২৫ জুন এই দিবস পালনে তাঁর আপত্তি আছে। তাঁর কথায়, ‘দেশে তো প্রতিদিন গণতন্ত্র হত্যা করা হচ্ছে। প্রতিদিন এই দিবস পালিত হওয়া উচিত।’
‘সংবিধান হত্যা দিবস’ নিয়ে মমতার মন্তব্য, ‘ওরা ওদের মতো পালন করুক। আমরা এই দিবস পালন করছি না। কারণ, তাহলে আমাদের রোজই এই দিবস পালন করতে হবে।’ দেশে সংবাদমাধ্যমের নিরপেক্ষতা নিয়েও এদিন প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘মিডিয়াকে শিখিয়ে দেওয়া হয় কী করতে হবে, কী না করতে হবে। বিজেপি করলে সাত খুন মাফ! কারা সংবিধানের সম্মানের কথা বলছেন? যাঁরা সংবিধানকে সম্মানই করে না।’
নোটবন্দির সময় গণতন্ত্র হত্যা করা হয়েছে। কত মানুষকে কত দিন ধরে লাইনে দাঁড়াতে হয়েছে নোট বদলানোর জন্য। সেই দিনটাকে কেন ‘ব্ল্যাক মানি ডে’ বলে পালন করা হবে না?’ প্রশ্ন মুখ্যমন্ত্রীর। পহেলগাঁও প্রসঙ্গে মমতা বলেন, ‘পহেলগাঁও হামলার পর পার্লামেন্টে বিশেষ অধিবেশনের দাবি জানানো হয়েছিল। আমাদের দল থেকে পাঁচটি প্রশ্ন করা হয়েছিল। একটাও উত্তর আসেনি। সন্ত্রাসবিরোধী দিবস একটাও পালন করেছেন আজ পর্যন্ত?’

Be the first to comment