রোজদিন ডেস্ক, কলকাতা:- ২০ জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন নিয়ে বাংলার শাসকদল এবং বঙ্গ বিজেপির মধ্যে সংঘাত প্রথম থেকেই হয়ে আসছে। এবার ওই দিনটি পালন সংক্রান্ত একটি চিঠি উত্তরপ্রদেশের রাজভবন থেকে আসতেই সেই আগুনে পড়ল ঘি। চিঠি দেখেই বেজায় ক্ষুব্ধ হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার সাংবাদিক বৈঠকে মমতা বলেন, “আমাদের রাজ্যে বাংলা দিবস হিসেবে একটা নির্দিষ্ট দিন আছে। সেটা পয়লা বৈশাখ। কেন স্বাধীনতার আগের একটা দিনকে আমরা ধরব? বাংলার প্রতিষ্ঠা দিবস বাংলা ঠিক করবে না আপনারা ঠিক করবেন? বিজেপি সবকিছু চাপিয়ে দেবে? ওরা ঠিক করে দেবে বাংলা কবে রবীন্দ্র জয়ন্তী পালন করবে, নজরুল জয়ন্তী পালন করবে, পয়লা বৈশাখ কবে পালন করবে? বাংলা কী খাবে, কী পরবে, আপনারা ঠিক করবেন?”
অনুরোধ জানানো সত্ত্বেও কেন পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে ‘বাংলা’ করা হচ্ছে না? সেই প্রশ্নও এদিন তুলেছেন মমতা। তিনি বলেন, “পাকিস্তানে যদি একটা পঞ্জাব নামে রাজ্য থাকতে পারে, তাহলে ইন্ডিয়াতে ‘বাংলা’ নামে একটা রাজ্য থাকতে পারে না? আপনারা বাংলাকে চরম অপমান করছেন বলে আমরা মনে করি।”

প্রসঙ্গত, এদিন রাজ্যের তথ্য সংস্কৃতি দফতরে উত্তরপ্রদেশের রাজভবন থেকে এই সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়। সেই চিঠি দেখেই বেজায় চটেন বাংলার প্রশাসনিক প্রধান।
উল্লেখ্য, রাজ্য সরকার আইন পাশ করে ১ বৈশাখ ‘বাংলা দিবস’ পালন করার কথা ঘোষণা করেছে। সেইমতো পালনও করা হয়েছে। কিন্তু বিজেপির শুরু থেকেই দাবি ছিল, ২০ জুন দিনটি ‘বাংলা দিবস’ হিসেবে পালন করতে হবে।
পাশাপাশি, এদিন কেন্দ্রকে নিশানা করে মুখ্যমন্ত্রীর আরও তোপ দাগেন, “সব বুলডোজ করছে, দেশে জুমলা সরকার চলছে। পহেলগাঁওয়ের পর সবাই বিশেষ অধিবেশন ডাকার কথা বলেছে। বিরোধীরা সবাই অধিবেশন ডাকার কথা বলেছিল। কেন বিশেষ অধিবেশন ডাকা হবে না?”
পাশাপাশি, কেন্দ্রকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও বলেন, “জঙ্গিবাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত হয় না কেন? শুধু রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে সিবিআইকে কাজে লাগানো হয়। রোজ রোজ সংবিধানকে বদলাচ্ছে। রাজ্যপালদের দিয়ে রাজনৈতিক কাজ করাচ্ছে। প্রধানমন্ত্রী কে? নরেন্দ্র মোদী না অমিত শাহ? মোদীজি বাইরে ঘুরে বেড়ান, ওনাকে ছেড়ে রেখে দিয়েছেন সব। বকলমে দেশ চালাচ্ছেন উনি। সব সিস্টেম ভেঙে দিয়েছেন।”

Be the first to comment