ছত্তিসগড়ে বিজেপি নেতা সহ তিন জনকে গাড়িতে আটকে নৃশংসভাবে খুন, অভিযুক্ত বালি মাফিয়ারা

Spread the love

রোজদিন ডেস্ক :

ছত্তিসগড়ের কোরিয়া জেলায় বিজেপি নেতা-সহ তিন জনকে গাড়িতে আটকে নৃশংসভাবে খুন করার অভিযোগে তোলপাড় উঠেছে। অভিযোগের তির বালি মাফিয়াদের দিকে। বুধবার রাতের এই ভয়ংকর ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা দেখা দিয়েছে।

পুলিশ সূত্রে প্রকাশ, বালি খনন নিয়ে দীর্ঘ দিন বিজেপি নেতা ভরত সিংহের সঙ্গে অশান্তি চলছিল বালি খননে যুক্তদের।

এই অশান্তি মিটিয়ে নেওয়ার জন্য তাঁদের ডাকা হয়। নিহত বিজেপি নেতা ভরত সিংহ জনপদ পঞ্চায়েতের সভাপতি ছিলেন। তিনি লল্লা সিংহ নামেই বেশি পরিচিত। দুজনকে সঙ্গে নিয়ে তিনি নওগাঁই গ্রামে গাড়ি করে গেছিলেন।

অভিযোগ, গ্রামে পৌঁছতেই দুটি ট্রাক তাঁদের গাড়ির সামনে পিছনে দাঁড় করিয়ে দেওয়া হয়। গাড়ি আটকে গেলে বেশ কিছু দুষ্কৃতি এসে তা ঘিরে ধরেন৷ দুষ্কৃতিরা গাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে উধাও হয়। গাড়ির ভিতরেই আগুনে ঝলসে জীবন্ত দগ্ধ হয়ে বিজেপি নেতা সহ দুজন মর্মান্তিকভাবে প্রাণ হারান। নৃশংস এই ঘটনার খবর ছড়াতেই ব্যাপক উত্তেজনা দেখা দেয়। পুলিশ বিশাল ত্রিপাঠি, আকাশ ত্রিপাঠি, সত্য প্রকাশ ও মন্নু কে গ্রেফতার করেছে। আরও অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। নয় জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

বিজেপি শাসিত ছত্তিসগড়ে এই ভাবে বিজেপি নেতার নৃশংস হত্যায় স্তম্ভিত, উদ্বিগ্ন প্রশাসন, রাজনৈতিক মহল।

সূত্রের খবর, বালি খনন নিয়ে দুই বিজেপি নেতা ভরত সিংহ ও মনোজ ত্রিপাঠির দীর্ঘ দিন ধরে টানাপোড়েন, অশান্তি চলছিল। সোনহাট, বেলিয়া, ছিঙ্গুরা, তেলুমিড়া, কৈলাসপুর ইত্যাদি এলাকায় বালি খননের রাশ কার হাতে থাকবে তা নিয়েই গোলমালের সূচনা।

এই নৃশংস হত্যার নেপথ্যে বিজেপি নেতা মনোজ ত্রিপাঠির ভূমিকা আছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।

এর জেরে অশান্তি এড়াতে সংশ্লিষ্ট এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*