রোজদিন ডেস্ক: লোকসভায় ভেস্তে গিয়েছে বিজেপির বিলের চক্রান্ত। মহিলা সংরক্ষণ বিলকে সামনে রেখে ডিলিমিটেশনের ষড়যন্ত্র ফাঁস হয়ে গিয়েছে। বোঝা যাচ্ছে দিল্লিতে বিজেপির পতন শুরু হয়ে গিয়েছে। এবার বাংলার মাটিতেও হারবে বিজেপি। বাংলার মানুষ বিজেপির মুখে ঝামা ঘষে দেবে।
শনিবার হাওড়ার উলুবেড়িয়ার জনসভা থেকে এই ভাষাতেই স্বৈরাচারী বিজেপিকে ভারত ছাড়া করার ডাক দিলেন বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি ও মোদি সরকারকে নিচশানা করে তৃণমূলনেত্রী বলেন, বাংলার মাটি থেকে বিজেপিকে ভারত থেকে তাড়ানোর কাজটা শুরু হোক। বাংলায় বিজেপিকে পরাস্ত করে আমরা দিল্লি দখল করব। দেখব, দিল্লিতে ওঁরা কীভাবে ক্ষমতায় থাকে। এমনিতেও ওদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নেই। অন্যের সমর্থনে ক্ষমতায় রয়েছে। ওদের পতন শুরু হয়ে গিয়েছে। লোকসভায় ওদের মুখে ঝামা ঘষে দিয়েছি। এবার বাংলার মানুষ অত্যাচার-অপমানের জবাব দেবে।

মহিলা সংরক্ষণ বিলের আড়ালে ডিলিমিটেশন বিল পাশের চক্রান্ত নিয়ে বিজেপি সরকারকে তোপ দাগেন মমতা। তিনি বলেন, বিজেপি ভাগাভাগির রাজনীতি করে। আমি ৪-৫ দিন ধরেই বলেছিলাম, ওটা মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ বিল নয়। ওসব গোদি মিডিয়ার ন্যারেটিভ। এরা আসলে পার্লামেন্টের সিট ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করতে চেয়েছিল। দেশকে ভাগ করতে চেয়েছিল, বাংলাকে ভাগ করতে চেয়েছিল। বাংলায় ইলেকশন থাকা সত্ত্বেও আমাকে ২০ জন সাংসদকে পাঠাতে বলেছিল, আমি ২১ জনকে পাঠিয়েছি ইলেকশন ক্যাম্পেন ছেড়ে দিয়ে। তাই আমরা কাল বিজেপি সরকারকে পরাস্ত করতে পেরেছি। মোদির পতন শুরু হয়ে গিয়েছে, আগামী দিন বিজেপিকে ভারত ছাড়া করবোই। বাংলাকে টার্গেট করলে আমরা দিল্লিকে টার্গেট করবো। বাংলা জয় করে দিল্লি দখল করা হবে। এদিন পাঁচলা, উলুবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া উত্তর ও উলুবেড়িয়া দক্ষিণের তৃণমূল প্রার্থীদের সমর্থনে জননেত্রীর জনসভায় উপচে পড়ে সাধারণ মানুষের ভিড়। মহিলা সংরক্ষণ নিয়ে নেত্রীর সাফ কথা, আমরা মহিলা বিলের বিরোধী নই। কিন্তু ডিলিমিটেশন বিলের নামে দেশভাগের বিরোধী। আমাদের দলে পঞ্চায়েত থেকে পুরসভায় ৫০ শতাংশ মহিলা, লোকসভায় ৩৭ শতাংশ ও রাজ্যসভায় ৪৬ শতাংশ মহিলা প্রতিনিধি রয়েছে। তাই বলব, আমাদের থেকে শিক্ষা নিন। মিথ্যা কথা বলে মহিলাদের অসম্মান করবেন না।

এদিন উলুবেড়িয়ার পর দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর, ভাঙড় ও সোনারপুরে আরও তিনটি সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও মহিলা বিল নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেন তিনি। শেষে হাওড়ায় একটি রোড শো-এ অংশ নেন তিনি।

Be the first to comment