বিএলওদের পাশে থাকুন, জেলাশাসকদের বার্তা মুখ্যসচিবের

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্য প্রশাসনের সর্বস্তরের আধিকারিকদের এসআইআর এর কাজে নিযুক্ত বিএলওদের সঙ্গে সহযোগিতা করতে হবে বলে রাজ্য সরকার স্পষ্ট জানিয়েছে। শনিবার নবান্ন থেকে জেলাশাসকদের সঙ্গে প্রশাসনিক বৈঠকে মুখ্যসচিব মনোজ পন্থ এই মর্মে নির্দেশ দিয়েছেন। এসআইআরের কাজে সহায়তার জন্য বিভিন্ন দফতরের আধিকারিকদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সেই পরিপ্রেক্ষিতে মুখ্যসচিবের এদিনের নির্দেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে এসআইআরের কাজের জন্য সরকারি উন্নয়নমূলক প্রকল্পগুলি যাতে থমকে না যায় তা নিশ্চিত করতেও মুখ্য সচিব নির্দেশ দিয়েছেন। বিশেষ করে গ্রামাঞ্চলে রাস্তা সংস্কার ও চলমান প্রকল্পগুলিতে গতি আনার ওপর বাড়তি জোর দেওয়া হয়েছে। এদিনের বৈঠকে মুখ্যসচিব জানান, রাজ্যজুড়ে এসআইআরের কাজের পাশাপাশি পরিকাঠামো-সহ অন্যান্য উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি ঠিকমতো পর্যবেক্ষণ করতে হবে। কোনওভাবেই যেন এসআইআর দেখিয়ে উন্নয়নের কাজে গাফিলতি না হয়। এদিন থেকেই জেলাগুলিতে ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা চালু হওয়ায় সেই ইউনিটগুলির কার্যকারিতা নিয়েও নির্দেশ দেন মুখ্যসচিব। মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা এই দুয়ারে চিকিৎসা পরিষেবা ঠিকঠাক কাজ করছে কি না, কোথাও সমস্যা দেখা দিলে দ্রুত সমাধান করা, এসব বিষয়ে নজর রাখতে বলেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*