রোজদিন ডেস্ক : এসআইআর নিয়ে BLO-দের প্রশিক্ষণ বৈঠকের প্রথম দিনই প্রবল বিক্ষোভে সরগরম নজরুল মঞ্চ। মূলত এসআইআরের কাজে নিরাপত্তা, এই কাজের সময় বিদ্যালয়ে না যেতে পারলে ছুটি ও বেতন কাটা চলবে না, দাবিতে তাঁরা সরব হন। অনুষ্ঠানে উপস্থিত নির্বাচন দফতরের প্রতিনিধিরা এই সব নিয়ে আশ্বাস দিতে পারেননি। ফলত উপস্থিত বিএলও-দের সিংহ ভাগই ক্ষোভে ফেটে পড়েন।
প্রসঙ্গত, বিএলও-দের সিংহ ভাগই শিক্ষক শিক্ষিকা। তাঁদের এই কাজ থেকে অব্যাহতি দিতে দাবি জানিয়েছেন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারীও। খুব স্বাভাবিকভাবেই বিএলও-রা প্রতিবাদে গর্জে উঠেছেন বলে তিনি জানান। বলেন, এই দুই মূল দাবি না মানা হলে প্রয়োজনে তাঁরা সিইও কার্যালয় ঘেরাও করবেন। বিএলও-দের নিরাপত্তা ও এসআইআরের কাজের সময় তাঁদের অন ডিউটি দেখানোর লিখিত প্রতিশ্রুতি না দিলে এই কাজ বয়কটের তিনি হুশিয়ারি দেন।
কলকাতা ছাড়া রাজ্যের অন্যত্র ও বিএলও-রা এই সব দাবিতে সরব হয়েছেন বলে জানা যায়।
যা অত্যন্ত যুক্তিসঙ্গত বলে বিভিন্ন শিক্ষক সংগঠন মনে করেন। যে সব বুথে এক হাজারের বেশি ভোটার, সেখানে দুজন করে বিএলও দেওয়ারও তাঁরা দাবি জানিয়েছেন।
অন্যদিকে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী পৃথকভাবে বিএলও-দের নিরাপত্তা সুনিশ্চিত করার বার্তা দিয়েছেন। বিএলও-রা আক্রান্ত হলে বা নির্বাচন দফতর এই সব নিয়ে ব্যবস্থা না নিলে তাঁর সঙ্গে যোগাযোগ করতে বলেন তিনি।
যদিও তাঁর এই বক্তব্যর সারবত্তা নিয়ে সংশয় আছে বিএলও-দের মধ্যে।
সব মিলিয়ে পরিস্থিতি যে অনুকূল না, অনুভব করতে পারছে নির্বাচন দফতরও।
৮০,৬৮১, জন বিএলও-কে প্রশিক্ষণ দেওয়ার কর্মসূচি নিয়েছে নির্বাচন দফতর।
এর জন্য বিএলও অ্যাপ ইত্যাদি খোলা হচ্ছে।
আগামী মঙ্গলবার থেকে বিএলও-দের বাড়ি বাড়ি যাওয়ার কথা আছে। কিন্ত নিরাপত্তা না পেলে তাঁরা কি করবেন, তা নিয়ে নির্বাচন দফতরে ও ভাবনা চিন্তা শুরু হয়েছে বলে জানা গেছে।
ছবি- প্রতীকী

Be the first to comment