রোজদিন ডেস্ক : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনবদ্য সৃষ্টি ‘আমার সোনার বাংলা” গানে মুখরিত হল কলকাতার রাজপথ। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকারের উপস্থিতিতে সম্মিলিত কন্ঠে এই গান গেয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-র এই গান নিয়ে ফতোয়ার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তাঁরা। কলেজ স্ট্রিটের এই গান গেয়ে প্রতিবাদ মিছিলে অংশ নেন আশুতোষ চ্যাটার্জি সহ আরও অনেকে। মহিলা, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মত। তাঁদের বক্তব্য, গানের কোন ভাষা, বিভাজন হয় না।রবীন্দ্রনাথ হলেন বিশ্বকবি, তা নিয়ে রাজনীতি, এমন তুঘলকি ফতোয়ার বিরুদ্ধেই তাঁরা আজ পথে নেমেছেন। জনৈক মহিলা বিজেপিকে তীব্র ধিক্কার জানিয়ে বলেন, ইতিহাস জানে কে (পড়ুন সাভারকর!) ব্রিটিশকে চিঠি দিয়ে মুক্তি চেয়েছিলেন। কংগ্রেসের প্রতিবাদ মিছিলের ব্যানারে লেখা ছিল, “বাংলা, বাঙালি বিদ্বেষী স্বৈরাচারী বিজেপি রবীন্দ্রনাথের গান গাইতে দেয় না “… “মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা…” ইত্যাদি।
অন্যদিকে এসএফআই-এর পক্ষেও আজ রাজ্যের বিভিন্ন শিক্ষালয়ের সামনে অসমের মুখ্যমন্ত্রীর ফতোয়ার তীব্র প্রতিবাদ জানানো হয়। পড়ুয়ারা আমার সোনার বাংলা ইত্যাদি গান গেয়ে প্রতিবাদ জানান।
বিশিষ্ট শিক্ষক নেতা কিংকর অধিকারী এই ঘটনায় বিস্মিত, ব্যথিতও। রবীন্দ্রনাথের গান নিয়ে অসমের মুখ্যমন্ত্রী র রুষ্ট হওয়ার তিনি তীব্র নিন্দা ও ধিক্কার জানান। বলেন, অন্ধকার জগতের দিকে সবাইকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে।
এর আগে টিএমসি নেত্রী সুস্মিতা দেব বলেছিলেন, বাঙালিদের বাংলাদেশি সাজানোর জন্য অসমের মুখ্যমন্ত্রী বারবার নতুন রাস্তা খুঁজে বার করেন! ওই অনুষ্ঠানে (কংগ্রেসের) জাতীয় সংগীত গেয়ে তা শেষ করা হয়। অসমের মুখ্যমন্ত্রী বাঙালিদের অপমান করছেন বলে তিনি ক্ষোভ ব্যক্ত করেন।
বিজেপি নেতা রাহুল সিনহা অবশ্য তাঁর দলের মুখ্যমন্ত্রী র এই অদ্ভুত আচরণে কোন দোষ দেখেননি। তাঁর বক্তব্য, বাংলাদেশের গান এখানে গাওয়ার কি দরকার!! এই সব হোল প্যান ইসলামিক চক্র, যারা ভারতের সার্বভৌমত্ব নষ্ট করতে চায়। টিএমসি ও তাদের দোসর। এদের বিরুদ্ধে আগামী দিনে ঘরে বাইরে লড়াই করতে হবে।
প্রসঙ্গত, অসমের করিমগঞ্জে কংগ্রেসের এক সভায় বর্ষীয়ান বিধুভূষণ দাস এই গানটি গাওয়ায় ক্ষিপ্ত অসমের মুখ্যমন্ত্রী তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এনে পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
বিজেপি নেতা রাহুল সিনহা র কথায়, অসম পুলিশ ঠিক কাজ করেছে।

Be the first to comment