দায়িত্ব নিয়েই আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখলেন নবনিযুক্ত জেলাশাসক

Spread the love

রোজদিন ডেস্ক : আগামী ৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী গঙ্গাসাগর মেলা। তার আগেই শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি। শনিবার মেলার প্রস্তুতি খতিয়ে দেখলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক অরবিন্দকুমার মিনা।
​নামখানা পয়েন্টে নেমে এদিন জলপথে বেনুবন হয়ে গঙ্গাসাগরে পৌঁছান জেলাশাসক। প্রথমেই তিনি মেলার মূল তট এলাকা ও সংলগ্ন গুরুত্বপূর্ণ ভাঙন-প্রবণ অঞ্চলগুলি ঘুরে দেখেন। গত কয়েক বছরে বেশ কিছু স্থানে ভাঙন পরিস্থিতি তৈরি হয়েছে। এদিন সেইসব স্থানও সরেজমিনে পরিদর্শন করেন তিনি। পরিকাঠামো উন্নত করার দিকেও জোর দেন।
​জেলাশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন এসপি কোটেশ্বর রাও, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সহ-সভাধিপতি শ্রীমন্ত কুমার মালি, সাগরের বিডিও কানাইয়া কুমার রায়। এদিন এক উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক করেন জেলাশাসক। সেই বৈঠকে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরাও উপস্থিত ছিলেন। ​আলোচনা হয় মেলার নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা, স্যানিটেশন ও স্বাস্থ্য পরিষেবা সহ জরুরি বিষয়গুলি নিয়ে। প্রতি বছর লক্ষাধিক তীর্থযাত্রীর সমাগম হয় গঙ্গাসাগরে। তাই জরুরি পরিষেবা যেন দ্রুত তীর্থযাত্রীদের কাছে পৌঁছোয় এবং ভাঙনের প্রভাব মেলা এলাকায় না পড়ে, সেদিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেন জেলাশাসক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*