রোজদিন ডেস্ক, কলকাতা:- ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমার রাজোয়া গ্রাম। সেখানকার উত্তরপাড়ার এক পরিত্যক্ত কাঁচা বাড়িতে এই বিস্ফোরণ ঘটে। তাতে মৃত্যু হয়েছে একজনের। গুরুতর আহত অবস্থায় উদ্ধার হয়েছেন আরও কিছু ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, রাত প্রায় সাড়ে ন’টা নাগাদ হঠাৎ করেই একটি তীব্র শব্দে কেঁপে ওঠে উত্তরপাড়া এলাকা। শব্দের উৎস খুঁজতে বের হন আশপাশের মানুষজন। বাইরে বেরিয়েই দেখতে পান, একটি কাঁচা বাড়ি আগুনে জ্বলছে এবং তার একটি বড় অংশ ভেঙে পড়েছে। ঘটনায় খবর যায় কাটোয়া থানায়। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার কাজ শুরু হয় রাতেই। ভাঙা বাড়ির ভিতর থেকে প্রথমে এক জখম ব্যক্তিকে বের করে নিয়ে আসা হয়। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে কাটোয়া মহকুমা হাসপাতালে। এরপর ধ্বংসস্তূপ সরিয়ে একজনের দেহ উদ্ধার করা হয়। ইতিমধ্যে শনাক্ত করা গিয়েছে কাটোয়ায় বিস্ফোরণে মৃত্যু হওয়া ব্যক্তিকে। সূত্রের খবর মৃতের নাম বরকত শেখ। তিনি বীরভূমের নানুরের সেহেলা গ্রামের বাসিন্দা। পরিবারের দাবি, পেশায় রাজমিস্ত্রি ছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীর দাবি, বিস্ফোরণের কিছুক্ষণ আগে কয়েকজন অচেনা লোককে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। তাদের বীরভূম দিক থেকে আসতে দেখা গিয়েছে বলে সন্দেহ করছেন স্থানীয়রা। অনেকে মনে করছেন, বাড়ির ভিতরেই বোমা তৈরি বা মজুতের কাজ চলছিল। সেই সময়ই কোনওভাবে বিস্ফোরণ ঘটে যায়। পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত প্রাথমিক তদন্তে বিস্ফোরণের পেছনে বোমা থাকাই স্পষ্ট। কীভাবে বা কেন এই বিস্ফোরণ, কারা যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে। ফরেনসিক দলও ঘটনাস্থল পরিদর্শনের জন্য প্রস্তুত করা হয়েছে।

Be the first to comment