রোজদিন ডেস্ক, কলকাতা:- বিহার বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনে ‘স্পেশাল ইন্টেনসিভ রিভিশন’ চালু করেছে নির্বাচন কমিশন। বিষয়টি নিয়ে আগেই বিরোধিতা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি নির্বাচন কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল, বিহারের ২০০৩ সালের ভোটার তালিকা আপলোড করা হয়েছে। সেখানে নথিভুক্ত ৪.৯৬ কোটি ভোটারকে কোনও নথি জমা দিতে হবে না। তবে তৃণমূলের দাবি, ২০০৩ নয়, ২০২৪ সালকেই ‘নির্ণায়ক বছর’ হিসেবে ধরতে হবে।’
তৃণমূল কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডলে ‘স্পেশাল ইন্টেনসিভ রিভিশন’-এর বিরোধিতা করে একটি পোস্ট করা হয়। সেখানে জানানো হয়, “এই পদক্ষেপ আদতে এনআরসি-র একটি প্রাথমিক ধাপ। আমরা বিহারে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করছি। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথার্থই স্পষ্ট করে বলেছেন যে, এনআরসির মত এই উদ্যোগ আমাদের নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতাকে বিপন্ন করছে এবং লক্ষ লক্ষ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার আশঙ্কা তৈরি করছে।”
তৃণমূলের স্পষ্ট দাবী ‘১. বেস ইয়ার হিসেবে ২০০৩ নয়, ২০২৪ সালকে বিবেচনা করতে হবে। ২. এই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রক্রিয়ার ওপর অবিলম্বে মাননীয় সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ প্রয়োজন।’ তৃণমূল এর তরফ থেকে আরোও বলা হয় যে, “বিজেপি বারবার যেভাবে নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে অপব্যবহার করে বিরোধী-শাসিত রাজ্যগুলিতে গণতন্ত্রকে পেছনে ঠেলছে, তা আমরা কিছুতেই মেনে নেব না। গণতন্ত্রকে বিজেপির খেলনার মত ব্যবহার করছে, তা কখনই আমরা হতে দেব না।”

Be the first to comment