রোজদিন ডেস্ক : কলকাতা-সহ রাজ্যের বহু আদালতে বোমাতঙ্ক নিয়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। আর ডি এক্স দিয়ে এজলাস উড়িয়ে দেওয়া হবে, এমনই মেল পেয়ে সর্বত্র ব্যাপক আতঙ্ক ছড়ায়। কলকাতার ব্যাঙ্কশাল আদালত থেকে শুরু করে পশ্চিম বর্ধমান, হুগলি, মুর্শিদাবাদ ইত্যাদি জেলায় এই ই-মেল মেলায় প্রশাসন, পুলিশ মহলে শোরগোল ওঠে। আদালতগুলিতে বিচারক-সহ আইনজীবী, কর্মী মহলে চরম উদ্বেগ ছড়িয়ে পড়ে। চটজলদি আদালত চত্বর ফাঁকা করে দেওয়া হয়। রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী দৃঢ়ভাবে জানিয়ে দেন, বিচারকদের নিরাপত্তার সব রকম ব্যবস্থা করা হচ্ছে।
প্রসঙ্গত, রাজ্যের এসআইআরে শীর্ষ আদালতের নির্দেশে বিচারক-সহ বিচার বিভাগীয় আধিকারিকরা যুক্ত হয়েছেন। এর প্রেক্ষিতে এই হুমকি ই-মেল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। যে সব আদালতে হুমকি মেল গেছে, সেখানে পুলিশ সারমেয় দিয়ে চিরুনি তল্লাশি চলছে।
রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী নবান্নে সাংবাদিক বৈঠক ডেকে জানিয়ে দেন, প্রশাসন বিচারকদের সব রকম নিরাপত্তা দেবে। এসআইআরের কাজ তাঁরা যাতে নির্বিঘ্নে করতে পারেন, এর জন্য সবরকম ভাবে সহায়তা করা হবে।
নবান্নে মুখ্য সচিবের সঙ্গে রাজ্য পুলিশের ডি জি পীযুষ পান্ডে, কলকাতা পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার উপস্থিত ছিলেন। তাঁরাও দৃঢ়ভাবে জানান, তাঁরা পুরোপুরি প্রস্তুত আছেন। সি পি আরও বলেন, কোথা থেকে এই সব হুমকি মেল এলো, তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁদের সাইবার সেল তা দেখছে।
সূত্রের খবর, আজ সকাল এগারটা নাগাদ পশ্চিম বর্ধমানের মুখ্য বিচারকের কাছে এই হুমকি মেল আসে। জানানো হয়, দুপুর একটার মধ্যে সব উড়িয়ে দেওয়া হবে। এরপর কলকাতার নগর দায়রা আদালত, দুর্গাপুর আদালত, হুগলির চুঁচুড়া আদালত ইত্যাদি জায়গায় একই বয়ানের হুমকি মেল আসে। যা নিয়ে প্রবল উত্তেজনা, চাঞ্চল্য দেখা দেয়। মেটাল ডিটেক্টর, পুলিশ সারমেয় দিয়ে জোর তল্লাশি চলে। এখন অবধি সন্দেহজনক কিছু মেলেনি। কে বা কারা এই হুমকি মেল পাঠিয়ে আতঙ্ক ছড়ালো পুলিশ তার খোঁজ করছে।
তল্লাশিতে কিছু না মিললেও সর্বত্র সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। চলছে নজরদারিও।

Be the first to comment