প্রতিবেদন: এসআইআর-এ বাদ পড়াদের বিনামূল্যে রেশন ও অন্নপূর্ণা যোজনা-সহ একাধিক প্রকল্পের সুবিধে ও টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। যা নিয়ে এবার জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। পশ্চিমবঙ্গ খেত মজদুর সমিতির তরফে এই মামলা দায়ের করা হয়েছে। আগামী ২১ জুলাইয়ের মধ্যে এনিয়ে রাজ্যের কী বক্তব্য, তা জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। শুনানিতে অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র আদালতে জানান, মামলার কপি পেয়েছি। এটা খোঁজ নিয়ে দেখা প্রয়োজন। এসআইআর-এ কাদের নাম ডিলিট হয়েছে, কারা অন্নপূর্ণা যোজনা এবং রেশন পাচ্ছেন না, এই বিষয়গুলি অনুসন্ধান করার পর এ বিষয়ে রাজ্য কী পদক্ষেপ করছে, আদালতে তা জানানো হবে। মামলাকারীদের বক্তব্য, রাজ্য সরকার গত ১৯ জুন এক বিজ্ঞপ্তি জারি করে জানায়, এসআইআর-এর তথ্যের ভিত্তিতে কারা রেশন ও অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন তা নির্ধারিত হবে। মামলাকারীদের আশঙ্কা, রাজ্যের প্রান্তিক, সাধারণ ও খেটে খাওয়া মানুষ, শ্রমিক, পরিযায়ী শ্রমিক, মহিলারা এই সিদ্ধান্তের ফলে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন।

Be the first to comment