চন্দ্রনাথ রথ খুনের তদন্তে এবার সিবিআই, গঠিত হল সাত সদস্যের সিট

Spread the love

রোজদিন ডেস্ক : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনের তদন্তভার গেল এবার সিবিআইয়ের হাতে। সোমবার গভীর রাতে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে। এর জন্য গঠিত হয়েছে ৭ সদস্যের স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট। যার নেতৃত্বে রয়েছেন ডিআইজি পঙ্কজকুমার সিং। ভিনরাজ্যের মোট সাতজন অফিসার নিয়ে তৈরি এই সিট। পঙ্কজকুমার সিং ছাড়াও রয়েছেন সুভাষচন্দ্র কুণ্ডু, অনিলকুমার যাদব, বিকাশ পাঠক, অমিত কুমার, কুলদীপ শ্রীবাস্তব ও বিবেক শ্রীবাস্তব। কলকাতার জয়েন্ট ডিরেক্টরের অধীনে কাজ করবে এই দল। মঙ্গলবারই রাজ্য পুলিশের হাত থেকে আনুষ্ঠানিক ভাবে তদন্তের দায়িত্বভার নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর জন্য মধ্যমগ্রাম থানার হাতে থাকা নথি সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে চন্দ্রনাথ রথ খুনে উত্তরপ্রদেশ থেকে পুলিশের জালে ধরা পড়ে তিন শার্প শুটার। রবিবার রাতেই তাদের গ্রেফতার করে উত্তরপ্রদেশ ও বিহার থেকে কলকাতায় নিয়ে আসা হয়। রাতভর চলে জেরা। সোমবার বারাসত আদালতে পেশ করে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ নেওয়ার আগেই, ৬ মে রাতে মধ্যমগ্রামের রাস্তায় গাড়ি আটকে গুলি করে খুন করা হয় চন্দ্রনাথ রথকে। খুব কাছ থেকে পরপর চারটি গুলি করা হয়। বুকে, হাতে গুলি লাগে চন্দ্রনাথের। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চন্দ্রনাথ হত্যার তদন্তে নামে সিআইডি ও এসটিএফ। জানা যায়, আততায়ীরা ইউপিআই পেমেন্টের মাধ্যমে বালি টোল প্লাজায় টাকা দিয়েছিল। ওই ডিজিটাল লেনদেনের সূত্র ধরেই তল্লাশি শুরু হয়। সেই সূত্র ধরেই উত্তরপ্রদেশে পৌঁছে যায় সিআইডির একটি দল। অভিযান চালিয়ে উত্তর প্রদেশ ও বিহার থেকে তিনজন শার্প শুটারকে গ্রেফতার করা হয়। খুনের পর অভিযুক্তরা পালিয়ে ওখানেই গা ঢাকা দিয়েছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*