রোজদিন ডেস্ক : রাতভর রেকর্ড বৃষ্টির দাপটে বিপর্যস্ত কলকাতার পরিস্থিতি নিয়ে পারস্পরিক রাজনৈতিক তরজা তুঙ্গে উঠলো। বিরোধীরা এই নিয়ে রাজ্য সরকারকে নিশানা করায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই অস্বাভাবিক বিপর্যয়ের জন্য তিনি পাল্টা তির ছুঁড়লেন কেন্দ্রের দিকে। বিদ্যুতের মরণ ছোবলে ১০ জনের মর্মান্তিক মৃত্যুর জন্য দায়ী করলেন CESC-কে।
এই দুর্যোগের প্রেক্ষিতে কলকাতায় পুজো উদ্বোধন স্থগিত রাখলেও সন্ধ্যায় জেলার একাধিক পুজো ভার্চুয়ালি উদ্বোধন করেন তিনি।
রেকর্ড বৃষ্টিতে কলকাতার বিপর্যস্ত পরিস্থিতি নিয়ে বিরোধীদের সমালোচনার জবাব দেন মুখ্যমন্ত্রী। সন্ধ্যায় বাড়িতে দৃশ্যত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ কারও হাতে নেই। এর জন্য তিনি কখনও অন্য কোন রাজ্যে প্রবল বৃষ্টি, ধস ইত্যাদি নিয়ে কাউকে দূষে মন্তব্য করেন না। কিন্ত আজ যেভাবে এই বিপর্যয়কর পরিস্থিতি নিয়ে তাঁদের নিশানা করা হচ্ছে তার জবাব দিচ্ছেন।
সল্টলেক, রাজারহাট ইত্যাদি অঞ্চলের জলবন্দি পরিস্থিতি নিয়ে মেট্রো রেল কর্তৃপক্ষকেও নিশানা করেন মমতা। বলেন ওই সব জায়গায় মেট্রোর ইমারতি জিনিস পড়ে নালা ইত্যাদি বন্ধ হয়ে নিকাশি সমস্যা হচ্ছে। এই বিষয়ে ব্যবস্থা নিতে তিনি মেট্রো কর্তৃপক্ষকে বলেন।
এই প্রাকৃতিক দুর্যোগে বিদ্যুতের ছোবলে মর্মান্তিকভাবে দশ জনের মৃত্যুর জন্য CESC-কে দায়ী করেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে তিনি সংস্থা প্রধান সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে কথা বলেছেন। এই সব মর্মান্তিক অকাল মৃত্যু নিয়ে তিনি মর্মাহত, দুঃখিত জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন,নিহত দের পরিবার পিছু CESC-র ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া উচিত।
আরও জানান, এই দুর্গত পরিস্থিতি নিয়ে বিজেপি রাজনীতি না করলে তিনি কিছু বলতেন না। বিরোধী দলকে তিনি দায়িত্বশীল হতে বলেন।
প্রসঙ্গত, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বিদ্যুতের ছোবলে প্রাণহানি নিয়ে CESC-কে দূষেছেন। সঙ্গে সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে রাজ্য সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েও কটাক্ষ করেছেন।
মুখ্যমন্ত্রী আরও বলেন৷ এবার পুজো অনেক আগে হচ্ছে। এটা তো তাঁরা ঠিক করেন না, পাঁজি পুঁথি যাঁরা করেন তাঁরাই সিদ্ধান্ত নেন। এবার বর্ষা আগে এসেছে, চলছেও, শরত কাল ও বর্ষাকাল হয়ে গেছে বলে মন্তব্য করেন।
বলেন, বৃষ্টি আরও হবে বলে আবহাওয়া দফতর বলছে। আজও জোয়ার আসবে। তবে তা এত বড় মাপের হবে বলে মনে হয় না।
মুখ্যমন্ত্রী জানান, খুবই দুঃখজনক সব ঘটনা হোল। কিন্ত এর জন্য সব আটকে থাকবে না। দুর্যোগ-দুর্ভোগ হবে, পুজোও হবে। আজ কলকাতায় পুজো উদ্বোধন স্থগিত রাখলেও জেলায় একাধিক পুজোর তিনি ভার্চুয়ালি উদবোধন করেন।

Be the first to comment