তৃণমূলের লিগ্যাল সেলের চেয়ারপার্সন হলেন চন্দ্রিমা ভট্টাচার্য

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- দলে সাংগঠনিক দায়িত্ব বাড়ল চন্দ্রিমা ভট্টাচার্যের। তৃণমূলের লিগ্যাল সেলের চেয়ারপার্সনের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে তাঁর কাঁধে। মলয় ঘটককে সরিয়ে এবার আইনজীবী ও বর্ষীয়ান নেত্রী চন্দ্রিমার উপরেই ভরসা রাখল দল। ইতিমধ্যেই দলীয় তরফে এক বিবৃতি জারি করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা। একাধিক রাজনৈতিক বিশ্লেষকের মতে, সাম্প্রতিক সময়ে রাজ্য সরকার ও শাসক দলের বিরুদ্ধে একের পর এক মামলা ও আইনি জটিলতা তৈরি হয়েছে। আদালতে বহুবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য প্রশাসনকে। এমনকি বেশ কিছু মামলায় রাজ্যের অবস্থান দুর্বল হয়ে পড়েছে, যার ফলে দলীয় ভাবমূর্তিতেও আঁচ পড়েছে। এমতাবস্থায় লিগ্যাল সেলকে আরও মজবুত করতে ও আইনি লড়াইয়ে দলের অবস্থানকে শক্তিশালী করতে চন্দ্রিমার মতো অভিজ্ঞ আইনজীবীকেই দায়িত্বে আনা এক কৌশলী সিদ্ধান্ত বলে মনে করছেন বিশেষজ্ঞরা
চন্দ্রিমা ভট্টাচার্যের অভিজ্ঞতা এবং দক্ষতা নতুন কিছু নয়। পেশায় তিনি একজন আইনজীবী এবং অতীতে তিনি চার বছর রাজ্যের আইন মন্ত্রীর দায়িত্ব সামলেছেন সফলভাবে বর্তমানে তিনি রাজ্যের অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রকেরও রাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। সেই সঙ্গে সাংগঠনিক স্তরে মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর ভূমিকাতেও রয়েছেন। তাঁর রাজনৈতিক কেরিয়ার জুড়ে বহুমাত্রিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা তাঁকে একটি শক্তিশালী প্রশাসনিক মুখ হিসেবে তুলে ধরেছে।
এছাড়াও, কেন্দ্রীয় স্তরেও সরকারের প্রতিনিধি হিসেবে বহুবার দিল্লিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেছেন তিনি। এমনকি রাজ্য প্রশাসনের নানা জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে তাঁকে সহায়তা করতে দেখা গিয়েছে। এর থেকেই স্পষ্ট, চন্দ্রিমার উপর দলের আস্থা কতটা গভীর। তবে চ্যালেঞ্জও কম নয়। তৃণমূলের আইনি সেলকে শুধুমাত্র পুনর্গঠন নয়, আগামী দিনে একাধিক গুরুত্বপূর্ণ মামলায় দলের অবস্থানকে দৃঢ়ভাবে আদালতে তুলে ধরা, ন্যায়সংগত এবং কৌশলগত আইনি পদক্ষেপ গ্রহণ ইত্যাদি কাজ এখন চন্দ্রিমার হাতেই। তাঁর নেতৃত্বে আইনি সেল নতুনভাবে সাজানো হবে বলেই অনুমান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*