দলের নোটিশ পেয়েই চাপের মুখে শেষমেশ পুলিশের কাছে ক্ষমা চাইলেন অনুব্রত

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- চাপের মুখে শেষমেশ পুলিশের কাছে ক্ষমা চাইলেন অনুব্রত মণ্ডল। বীরভূমের ‘দোর্দণ্ডপ্রতাপ’ তৃণমূল নেতা ক্ষমা চাওয়ার চিঠিতে লিখেছেন, ‘‘আমার ওই কথাগুলো বলা উচিত হয়নি। আমি দুঃখিত।’’ সেই সঙ্গে কিছু প্রশ্নও তুলেছেন তিনি। তাঁর প্রশ্ন, বোলপুরের আইসির সঙ্গে তাঁর কথোপকথনের অডিয়ো কী ভাবে ফাঁস হল?


বীরভূমের তৃণমূলের সদ্য প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নিয়ে বৃহস্পতিবার রাত থেকে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। বোলপুর থানার আইসি লিটন হালদারক অশ্রাব্য ভাষায় গালিগালাজের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। দু’জনের কথোপকথনের সেই অডিও ভাইরাল হতেই শুরু হয় শোরগোল। যদিও সেই অডিও সত্যতা যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন ডিজাটাল’। শুক্রবার পুলিশ সেই অডিওর ভিত্তিতে অনুব্রতর বিরুদ্ধে এফআইআর দায়ের করে। তাঁকে নোটিস পাঠিয়ে শনিবার থানায় তলব করা হয়েছে। এরপর দুপুরে দলের শীর্ষ নেতৃত্ব তাঁকে কড়া বার্তা পাঠায়, ৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। শোকজও করা হতে পারে।
এরপর আর একটুও সময় নষ্ট করেননি বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা। সঙ্গে সঙ্গে চিঠি লিখে নিঃশর্ত ক্ষমা চেয়ে নিয়েছেন কেষ্ট মণ্ডল। চিঠিতে তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ পুলিশকর্মী থেকে একজন বড় অফিসার সবাই দিদির কাছের মানুষ। তাদের অপমান করার কথা ভাবতে পারিনা। সাম্প্রতিক ঘটনায় আমি দুঃখিত। দিদির পুলিশের কাছে আমি একবার কেন, ১০০ বার ক্ষমা চাইতে পারি। আসলে আমি নানা রকম ওষুধ খায় এবং দিদির পুলিশের বিরুদ্ধে কেউ কোনও অভিযোগ করলে মাথা গরম হয়ে যায়। সত্যি আমি দুঃখিত। কিন্তু আপনাদের ভাবতে হবে তিনটি মহকুমা বোলপুর, সিউড়ি, রামপুরহাটে বিশাল মানুষের মহামিছিল দেখে কারা ভয় পেল? বিজেপি কিকরে আমার আর আমাদের বোলপুরের আইসিকে গালমন্দর ফুটেজ পেল? কে দিল? কোন চক্রান্ত নেই তো?’ চিঠির শেষাংশে তাঁর বক্তব্য, ‘তবুও আমি বলছি কোনও পুলিশ বন্ধু আমাকে ভুল বুঝলে আমি দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।’
তবে দলের কাছে, পুলিশের কাছে ক্ষমা চেয়ে নিলেও অনু্ব্রত মণ্ডল আইনি পদক্ষেপ হয়ত এড়াতে পারবেন না তত সহজে। পুলিশকে কদর্য ভাষায় আক্রমণের অভিযোগে বোলপুর থানায় এফআইআর দায়ের হয়েছে। বোলপুরের দলীয় কার্যালয়ে নোটিস পাঠানো হয়েছে। অনুব্রতকে শনিবার বোলপুর থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*