রোজদিন ডেস্ক : সাময়িক বিরতির ফের গজিয়ে উঠছে চিটফাণ্ডের কারবার। এবার চিটফান্ডের কায়দায় প্রতারণার অভিযোগ উঠল আসানসোলে। আসানসোল দক্ষিণ থানায় এ সংক্রান্ত অভিযোগ দায়ের হয়েছে।ঘটনায় মূল অভিযুক্ত দুজনই পেশায় শিক্ষক। অভিযোগ উঠতেই পলাতক দুজন। প্রতারিতদের অভিযোগ, সাপোর্ট ইন্ডিয়া প্রকল্পের নামে তাদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা নিয়েছেন অভিযুক্তরা। প্রতারিতদের মধ্যে শুধু বাংলা নয়, বিহার, ঝাড়খণ্ডের বাসিন্দারাও রয়েছেন। সব মিলিয়ে ২০০ কোটি টাকার বেশি তুলেছে অভিযুক্ত সংস্থা। বিনিয়োগ করা ছাড়াও বিভিন্ন সরকারি ক্ষেত্রে চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়েও টাকা নেওয়া হয়েছে। প্রচারিতদের আরও অভিযোগ, সংস্থার তরফে বিভিন্ন জনকে চেক দেওয়া হয়েছিল তার সংখ্যা প্রায় দুই হাজারের কাছাকাছি। কিন্তু প্রায় সব ক্ষেত্রেই চেকগুলি বাউন্স করেছে। এই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। স্থানীয় বিধায়ক অগ্নিমিত্রা পাল গোটা ঘটনার পিছনে রাজ্য প্রশাসনের মদত থাকার অভিযোগ তুলেছেন। তৃণমূল নেতৃত্বে অবশ্য গোটা ঘটনার সঙ্গে তাঁদের যুক্ত থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ তল্লাশিতে নেমেছে।

Be the first to comment