প্রতিবেদন: ঘটনার পরই কলকাতা মেডিক্যাল কলেজে বসে ভিডিয়ো বার্তায় সরকারের কড়া অবস্থানের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরই গভীর রাতে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। অবশেষে চোরবাগানের বিপর্যয়ে রাতভর জিজ্ঞাসাবাদের পর সাত জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো কমিটির একাধিক কর্তাও। ভিআইপি পাস সামলানো এবং ভিড় নিয়ন্ত্রণের দায়িত্ব যাঁদের উপরে ছিল, তাঁদেরও ধরেছে পুলিশ। ধৃতদের মধ্যে প্যান্ডেলে নিযুক্ত বেসরকারি নিরাপত্তা সংস্থার দুই কর্মীও রয়েছে বলেই খবর। ধৃতদের তালিকায় প্রথমে রয়েছেন পুজো কমিটির সম্পাদক রাজকুমার সেয়দা, সহ-সভাপতি শান্তনু দুবে। ভিআইপি পাস চেক করা এবং ভিড় সামলানোর দায়িত্বে থাকা কৌশিক পাল ও পিন্টু দেকেও গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে আরও রয়েছেন বিপ্লব মুখোপাধ্যায়। তিনি মণ্ডপের কাঠামো নির্মাণের দায়িত্বে ছিলেন। এ ছাড়া সুমন চক্রবর্তী এবং রাজেশ পাল নামে দুই বেসরকারি নিরাপত্তা রক্ষীকেও গ্রেফতার করেছে পুলিশ।

Be the first to comment