প্রতিবেদন: চোরবাগানে ঠাকুর দেখতে গিয়ে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের এগারো গ্রামের বাসিন্দা স্নেহা ভাণ্ডারির (২০)। তিনি বিদ্যানগর কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া ছিলেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার ও গোটা এলাকায়। জানা গিয়েছে, শনিবার দুপুর প্রায় ১টা নাগাদ ছোট বোনকে সঙ্গে নিয়ে পুজো দেখতে বেরিয়েছিলেন স্নেহা। চোরবাগানে ভিড়ের মধ্যে পড়ে যান স্নেহা। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তবে বেঁচে গিয়েছে তাঁর বোন।
স্নেহার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়া বিধানসভার বিষ্ণুপুর থানার পঞ্চানন গ্রাম পঞ্চায়েতের এগারো গ্রামে। বাবা পেশায় টোটোচালক। পুজোর মধ্যে মেয়ের এমন মর্মান্তিক পরিণতি কিছুতেই মেনে নিতে পারছেন না পরিবার। স্নেহার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। উৎসবের মধ্যে একটি তরতাজা প্রাণ এভাবে অকালে ঝরে যাওয়া মেনে নিতে পারছে না স্থানীয় বাসিন্দারাও।

Be the first to comment