CPIM BOOK STALL: বুকস্টল ভাঙতে বুলডোজার, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সিপিআইএম

Spread the love

প্রতিবেদন: দুর্গাপুজো উপলক্ষ্যে দক্ষিণ কলকাতার যাদবপুর সুপার মার্কেটের সামনে, ইন্ডিয়ান কফি হাউসের নিচে দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে বুক স্টল করে আসছে সিপিএম। রাজ্য প্রশাসনের তরফে সেই স্টল উচ্ছেদের চেষ্টা শুরু হয়েছে। এই অভিযোগে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল সিপিআইএমের এরিয়া কমিটি। আজ সোমবার হাইকোর্টের পুজোর অবকাশকালীন বেঞ্চের বিচারপতি পার্থপ্রতিম রায়ের এজলাসে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। মামলাকারী রাজদীপ সরকারের অভিযোগ, চলতি বছর দুর্গাপুজো উপলক্ষে ১৩ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত অস্থায়ী বুকস্টল চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল। মার্কসবাদী, প্রগতিশীল ও শিশুদের বই বিক্রির জন্য প্রায় ২০ বাই ১৬ ফুটের স্টল তৈরির পরিকল্পনা করা হয়। এর জন্য গত ১৯ সেপ্টেম্বর কলকাতা পুরসভার সংশ্লিষ্ট দফতরে অনুমতি চেয়ে আবেদন করা হয়। ২০ সেপ্টেম্বর যাদবপুর থানাকেও লিখিতভাবে জানানো হয়। পুরকর বাবদ ৩২০০ টাকা জমা দেওয়া হয়েছিল। ৮ অক্টোবর কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ও পুলিশ কমিশনারকেও ই-মেল করে বিষয়টি জানানো হয়েছিল। কিন্তু তাদের অভিযোগ, সমস্ত প্রক্রিয়া অনুসরণ করার পরও ১৭ অক্টোবর সন্ধ্যে সাড়ে ৬টা নাগাদ এক ব্যক্তি নিজেকে কলকাতা পুরসভার আধিকারিক পরিচয়ে পুলিশ ও বুলডোজার নিয়ে ঘটনাস্থলে আসেন এবং বইয়ের স্টল ভেঙে দেওয়ার চেষ্টা করেন। এই অবস্থায় গোটা বিষয়টি নিয়ে তারা আদালতের হস্তক্ষেপ চেয়ে আর্জি জানিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*