মুখ্যমন্ত্রীর ৭১তম জন্মদিনে কুপার্স ক্যাম্পে সমাজসেবার বার্তা

Spread the love

রমিত সরকার, নদীয়া :

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৭১তম জন্মদিন উপলক্ষে নদিয়ার রানাঘাটের কুপার্স ক্যাম্পে বৃহস্পতিবার পালন করা হল বিশেষ অনুষ্ঠান। কেক কেটে জন্মদিন উদ্‌যাপনের পাশাপাশি দিনটিকে স্মরণীয় করে তুলতে একাধিক সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কুপার্স ক্যাম্প ও আশপাশের এলাকার বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন। মুখ্যমন্ত্রীর জন্মদিনকে সামনে রেখে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই কর্মসূচিগুলি নেওয়া হয়েছে বলে জানান উদ্যোক্তারা।

এদিন গর্ভবতী মায়েদের সুস্বাস্থ্য নিশ্চিত করার উদ্দেশ্যে তাঁদের হাতে খাদ্যসামগ্রীর ডালি তুলে দেওয়া হয়। পাশাপাশি, স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত আশা কর্মীদের কাজের সুবিধার্থে একটি করে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন প্রদান করা হয়। পৌর এলাকার সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য বিনামূল্যে খাদ্য, বস্ত্র এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাটের মহকুমা শাসক (SDO) মহম্মদ সুবুর খান, পৌর প্রশাসক ও পৌর শাসক দিলীপ কুমার দাস, রানাঘাট দক্ষিণ সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ গাঙ্গুলী, প্রাক্তন বিধায়ক শংকর সিংহ, বর্তমান বিধায়ক মুকুটমণি অধিকারী, কুপার্স ক্যাম্পের প্রাক্তন পৌরপতি শিবু বাইন-সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, পৌর এলাকার সাধারণ নাগরিক এবং তৃণমূল কংগ্রেসের একাধিক স্থানীয় নেতৃত্ব।

বক্তারা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন মানেই শুধু উৎসব নয়, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারকে আরও একবার নতুন করে মনে করিয়ে দেওয়া। সেই ভাবনাতেই এই সমাজসেবামূলক উদ্যোগ নেওয়া হয়েছে।

চিত্র: কাজল বসাক

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*