রোজদিন ডেস্ক : রাজ্যজুড়ে চলছে এসআইআরের শুনানি। সেই সঙ্গে জারি আম জনতার হয়রানি ও হেনস্থা। এবার এসআইআর শুনানির নোটিস পেলেন তৃণমূলের সাংসদ-অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। দেবের সঙ্গেই ডাক পেয়েছেন তাঁর পরিবারের আরও ৩ জন সদস্য। এছাড়াও শুনানিতে ডাকা হয়েছিল টলিপাড়ার তারকা দম্পতি কৌশিক বন্দ্যোপাধ্যায় ও লাবণী সরকারও। সোমবার, সাংসদ-অভিনেতার আবাসনে এসআইআর শুনানির নোটিশ পাঠায় নির্বাচন কমিশন। সূত্রের খবর, এন্যুমারেশন ফর্মের নীচের অংশে ২০০২সালের ভোটার লিস্টের তথ্য পূরণ করা হয়নি বলে অভিযোগ। একই কারণে দেব যে আবাসনের বাসিন্দা তার অনেকেই শুনানির নোটিস পেয়েছেন। এই নোটিস নিয়ে অবশ্য দেব বা তাঁর পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। এই ঘটনা সামনে আসতেই কমিশনকে তীব্র আক্রমণ করে তৃণমূল। তাঁদের অভিযোগ, হেনস্থা করতেই একজন ব্যস্ত অভিনেতা এবং তিনবারের সাংসদকে এভাবে ডেকে পাঠানো হয়েছে। জন্মস্থান ঘাটাল থেকে দেব তিনবারের সাংসদ। তাঁকেও এখন নিজের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, প্রশ্ন তুলেছে তৃণমূল। তবে তিনি শুনানিতে হাজিরা দেবেন কিনা তা জানা যায়নি।

Be the first to comment