রোজদিন ডেস্ক :
দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপ জেলা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ঘোষণা করেন। এর জন্য কিছুটা সময় লাগতে পারে। সুন্দরবনকে মডেল করে সব দ্বীপকে জুড়ে দেওয়া হবে বলেও তিনি জানিয়ে দেন।
সুন্দর বনের মানুষজনের সার্বিক উন্নয়নে আজ বিশেষ জন পরিষেবা প্রদান কর্মসূচিতে বক্তব্য রেখে মুখ্যমন্ত্রী এই সব কথা বলেন।
অনুষ্ঠানে প্রাক্তন সরকারকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, আগের আমলে টাকা বরাদ্দ করলেও তা খরচ হোত না। যে টাকা খরচ হোত, তার বেশির ভাগ টাকাই প্রাক্তন শাসক দলের নেতাদের পকেটে চলে যেত। পরিসংখ্যান দিয়ে তিনি বলেন, ২০২৫-২৬ আর্থিক বছরে এখানে ৬০০ কোটি টাকা বরাদ্দ করে কাজ করেছিল মাত্র ২০০ কোটি টাকার। তার ৮০% টাকাই চুরি হয়ে গেছে। তাঁদের সরকার এই জেলার জন্য ১২০০ কোটি টাকা বিশেষ বরাদ্দ করেছে। প্রথম দফায় ৫৫৩টি কাজের দরপত্রও হয়ে গেছে। বর্ষা বিদায়ের পর সব কাজই শুরু হবে।
আগামী ২০২৯ সালের মধ্যে গঙ্গাসাগরে যাতায়াত সুগম করতে মুড়িগঙ্গার ওপর সেতুও তিনি উদ্বোধন করবেন বলে জানিয়ে দেন।
সুন্দরবনের এই সফরে গিয়েও মুখ্যমন্ত্রী সাফ জানান, অনুপ্রবেশ কারী দের কোন মতে এখানে থাকতে দেওয়া যাবে না। তবে বাংলাদেশ থেকে যাঁরা ধর্ম ও প্রাণ বাঁচাতে এপারে এসেছেন, সেই শরণার্থীদের পাশে তাঁরা আছেন। এমন মানুষ দের দ্রুত সিএএ শংসাপত্র দিতে তিনি জেলাশাসক, জেলা প্রশাসনকে বলেন।
আগামী ১০ ডিসেম্বরের পর তিনি ফের সাগরে আসবেন বলে জানান। এরপর ১০ জানুয়ারি গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখতে আসবেন।
প্রাক্তন সরকারের আমলে যা দুর্নীতি, হিংসা হয়েছে, এর জন্য দোষীদের কাউকে ছাড়া হবে না বলে কড়া হুঁশিয়ারিও দেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment