রোজদিন ডেস্ক :
রাজ্যে নির্বাচনোত্তর পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জরুরি পর্যালোচনা বৈঠক করলো প্রদেশ কংগ্রেস।। রাজ্যে পালাবদলের পর প্রতিদিনই রাজনৈতিক সমীকরণ পরিবর্তন হচ্ছে। তৃণমূল ছেড়ে বহু কর্মী সমর্থক কংগ্রেসে যোগ দিচ্ছেন, যা নিয়ে উৎফুল্ল রাজ্য নেতারা।
সোমবার দলের জাতীয় সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল, রাজ্যের পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর, দীপা দাসমুন্সি, অম্বা প্রসাদ কলকাতা আসেন। প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার সহ অন্যদের সঙ্গে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন। কে সি বেণুগোপাল দলের শীর্ষ নেতা রাহুল গান্ধীর আস্থাভাজন হিসাবে পরিচিত। তাঁর উপস্থিতিতে দলের বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ বলে রাজনৈতিক মহল মনে করেন।
সোমবার তাঁরা রাজ্যের বিভিন্ন জেলা কংগ্রেস সভাপতিদের সঙ্গে জরুরি বৈঠক করেন।
সূত্রের খবর, সব জেলায় দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর কেন্দ্রীয় ও রাজ্য নেতারা বিশেষ গুরুত্ব থাকবেন।
দুদিনের সফরে কলকাতা এসেছেন বেণুগোপাল। মঙ্গলবারও তিনি ও অন্য জাতীয় স্তরের নেতারা প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ অন্যদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করবেন। সংগঠনকে মজবুত, জনমুখী করাই তাঁদের মূল লক্ষ্য। আগামী ১ জুলাই সারা দেশে কেন্দ্রের নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প ভি রাম জি শুরু হচ্ছে। জাতীয় কংগ্রেস এর বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে। মঙ্গলবারের বৈঠকে এই সব নিয়েও আলোচনা হতে পারে। চলতি বছর রাজ্যে কলকাতা সহ একাধিক পুরসভার নির্বাচনে দলের কৌশল নিয়ে ও তাঁরা কথা বলতে পারেন বলে মনে করা হচ্ছে।

Be the first to comment