রোজদিন ডেস্ক, কলকাতা:- রাজ্যজুড়ে আতঙ্ক বাড়াচ্ছে করোনা। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১০৬ জন। একদিনে প্রায় ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে সংক্রমণ। প্রথমদিকে সংক্রমণ তেমনভাবে ভয় না ধরালেও, এখন আতঙ্কের জায়গায় পৌঁছে গিয়েছে
রাজ্যজুড়ে করোনায় আক্রান্ত প্রায় ৫০০।
দেশের ৪ রাজ্যে একদিনে শতাধিক সংক্রমণ বেড়েছে। তার মধ্যে পশ্চিমবঙ্গও একটি। রাজ্যে সংক্রমণ দেখে আগে ভাগে প্রস্তুত হচ্ছে স্বাস্থ্যভবন। জানা গিয়েছে বাঙ্গুর হাসপাতাল সহ একাধিক হাসপাতালে কোভিড ব্যবস্থা আলাদা করে তৈরি করা হয়েছে। সেখানে করোনা পরীক্ষা থেকে শুরু করে আলাদা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে সমস্ত হাসপাতালের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।
হাসপাতালে কত বেড রয়েছে, অক্সিজেন ব্যবস্থা কী রকম রয়েছে, ওষুধ কী পরিমাণ মজুত রয়েছে তা জানাতে বলা হয়েছে। করোনা নিয়ে আগে থেকেই ব্যবস্থা নিচ্ছে সরকার। রাজ্যে ক্রমাগত বাড়ছে সংক্রমণ। কলকাতা মেডিকেল কলেজ থেকে শুরু করে পিয়ারলেস হাসপাতালে ভর্তি রয়েছে অনেকেই। ৭ মাস এবং ৯ মাসের শিশু করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। রাজ্যের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, যারা যারা কোভিডে আক্রান্ত হচ্ছেন তাদের স্যাম্পেল পাঠাতে। রাজ্যে করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Be the first to comment