চেনা ছন্দে অরিন্দম শীল, নতুন ছবি ‘কর্পূর’ বড়ো পর্দায় এবার তৃণমূলের কুনাল ঘোষ! সাথে ব্রাত্য-অনন্যা-ঋতুপর্ণা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- প্রথম বার বড় পর্দায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ।পরিচালক অরিন্দম শীলের পরিচালনায় শুটিং শুরু হতে চলেছে তাঁর আগামী ছবি ‘কর্পূর’-এর। জানা গেছে জুলাই থেকেই শুরু হচ্ছে ছবির শুটিং। ছবিতে দেখা যাবে মন্ত্রী ব্রাত্য বসু এবং তৃণমূলের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়কেও। যা থেকে এই জল্পনার জন্ম হওয়ার অবকাশ থাকছে যে, বাম জমানার ওই সাড়া-জাগানো ঘটনা অবলম্বনে তৈরি এই ছবিতে রাজনীতির ভূমিকা থাকবে।
পরিচালক অরিন্দম শীল জানিয়েছেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহকারী নিয়ামক মনীষা মুখোপাধ্যায়ের জীবনের উপর ভিত্তি করে লেখা এই উপন্যাস। নব্বইয়ের দশকে শিক্ষাদুর্নীতির সঙ্গে নাম জড়িয়েছিল মনীষার। সেই কাহিনিকে কেন্দ্র করেই চিত্রনাট্য লিখেছেন পরিচালক। ১৯৯৭ সালে মনীষার আচমকা ‘উবে’ যাওয়া ভাবিয়েছিল সকলকে। রাজ্য রাজনীতিতেও শোরগোল পড়েছিল ঘটনাটি নিয়ে। ২৮ বছর পর সেই ভাবনাকে আবার উস্কে দেবে অরিন্দমের আগামী ছবি ‘কর্পূর’। যে ছবির মুখ্যচরিত্রে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

এক বিশেষ সূত্রের খবর, কুণাল ঘোষ ছবিতে বাম জমানার অধুনাপ্রয়াত এক গুরুত্বপূর্ণ নেতার ভূমিকায় অভিনয় করবেন। সেই অনুযায়ী তাঁর রূপটান ইত্যাদির প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। বাম জমানার অপর গুরুত্বপূর্ণ নেতা বিমান বসুর ভূমিকায় অভিনয় করার কথা টলিউডের এক পরিচিত অভিনেতার। যদিও পরিচালক অরিন্দম তা মানতে রাজি নন। ছবিতে রাজনৈতিক ‘প্রেক্ষাপট’ থাকলেও বাস্তবের কোনও রাজনৈতিক দলের সঙ্গে ছবির মিল নেই বলেই তাঁর দাবি।

পরিচালক জানিয়েছেন, বড় পর্দায় প্রথম অভিনয় নিয়ে কুণাল দারুণ উত্তেজিত। নিয়মিত কর্মশালায় যোগ দিতে চাইছেন। চিত্রনাট্যের বিষয়েও তাঁর যথেষ্ট আগ্রহ। ছবিতে অভিনয় করবেন লহমা ভট্টাচার্য, অর্পণ ঘোষাল-সহ আরও অনেকে। ঋতুপর্ণার স্বামীর চরিত্রে রয়েছেন পরিচালক অরিন্দম স্বয়ং। তিনি আরোও বলেন, “ছবিতে কেউ রাজনীতির গন্ধ খুঁজতে গেলে ভুল হবে। ঘটনাটা সত্যি। আমার ছবিতে সবটাই কাল্পনিক।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*