রোজদিন ডেস্ক, কলকাতা:- রাজ্যে কর্মসংস্থানের পাশাপাশি তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে একটি নতুন দিগন্তের সূচনা হতে চলেছে। বুধবার কলকাতায় নিযুক্ত আমেরিকার কনসাল জেনারেল ক্যাথি গিলেস দিয়াজের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, গ্লোবাল ফাউড্রিজ নামের যে সংস্থা বিশ্বের বৃহত্তম মাইক্রোচিপস তৈরি করে তারা কলকাতায় সেমিকন্ডাক্টর ম্যানুফাকচার করবে। এজন্য তাদের সল্টলেক সেক্টর ফাইভে সফটওয়্যার টেকনোলজি পার্ক অব ইন্ডিয়ায় ১৩ হাজার স্কয়ার ফুট জায়গা দেওয়া হয়েছে। আরও ১৯ হাজার স্কয়ার ফুট জায়গা চেয়েছে ওই সংস্থা। সেই জায়গা দেওয়ারও প্রস্তুতি চলছে। গ্লোবাল ফাউন্ড্রিজ হল এমন একটি সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি যারা স্মার্টফোন, কম্পিউটার ও গাড়ির মতো ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহৃত মাইক্রোচিপ তৈরি করে। অর্থাৎ বিশ্বজুড়ে আধুনিক প্রযুক্তিকে শক্তিশালী করতে সহায়তা করে এই সংস্থা।
রাজ্যের উন্নয়নকে পাখির চোখ করে ২০১১ ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। শিল্প টানতে তাই প্রতি বছর কলকাতায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন আয়োজন করা হয়। তার ফলে বিদেশী বিনিয়োগ আসছে বলে দাবি রাজ্য সরকারের। তবে বিরোধীরা একে ‘আইওয়াশ’ বলে অভিহিত করেছেন।
গত বছর ওয়াশিংটন সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, কলকাতায় সেমিকন্ডাক্টর কারখানা গড়ে উঠবে। ওই সময় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, তিন বছর ধরে রাজ্য সরকারের সঙ্গে ইউএস দূতাবাস ও প্রশাসনের আলোচনা চলছে। এর পাশাপাশি রাজ্য সরকার একটি পাওয়ার ইলেকট্রনিক্স ইকোসিস্টেম তৈরি করতেও আগ্রহী। এছাড়াও, রাজ্য গ্লোবাল ফাউন্ড্রি এবং বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে যৌথভাবে ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্যও কাজ শুরু করতে চলেছে। এর ফলে এরাজ্যের পড়ুয়ারা উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। এদিকে রাজ্যে গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার নীতি (জিসিসি) প্রণয়ন করার প্রস্তুতি চলছে।
নবান্ন সূত্রে আরও জানা গিয়েছে, নিউ জার্সির সংস্থা স্যানটেক গ্লোবাল ইনকর্পোরেটেড কলকাতায় একটি সেমিকন্ডাক্টর প্রকল্প গড়ে তোলার জন্য আগ্রহ প্রকাশ করেছে। এতে পশ্চিমবঙ্গে শক্তিশালী সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম তৈরির পাশাপাশি আর্থিক ক্ষেত্র সহ বিপুল কর্মসংস্থান হবে।

Be the first to comment