রোজদিন ডেস্ক : একদিকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার। উল্টোদিকে তার কয়েক ঘণ্টার মধ্যেই ভয়াবহ বিস্ফোরণ রাজধানীর লালকেল্লার কাছে। এবার দিল্লি বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীনে থাকা দিল্লি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, দিল্লির লালকেল্লার কাছে মর্মান্তিক বিস্ফোরণের ঘটনায় আমি মর্মাহত। বেশ কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটেছে এবং অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে। শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা এবং যারা আহত হয়েছেন তাদের জন্য আমার প্রার্থনা।
এরপরেই তিনি দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, আমাদের রাজধানীর প্রাণকেন্দ্রে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ দিল্লি পুলিশের ওপরেই আইনশৃঙ্খলা রক্ষার প্রাথমিক দায়িত্ব বর্তায়। তাহলে, নিরাপত্তায় এত বড় ত্রুটি কীভাবে হতে পারে? গতকাল সকালে হরিয়ানার ফরিদাবাদ থেকে প্রায় ৩৫০ কেজি বিস্ফোরক এবং একটি অ্যাসল্ট রাইফেল উদ্ধার করা হয়েছে। এই ঘটনাগুলি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সতর্কতার অবনতি আরও স্পষ্ট করে তুলছে যা বেশ উদ্বেগজনক। সত্য উদঘাটন এবং দোষীদের জবাবদিহি করার জন্য, প্রয়োজনে আদালতের তত্ত্বাবধানে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে একটি নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।

Be the first to comment