রোজদিন ডেস্ক, কলকাতা:- বর্ষা শুরুতেই বৃষ্টিতে বাড়ছে ডেঙ্গু ও মশাবাহিত রোগের প্রকোপ। এবার দমদমের মনজেন্দ্র দত্ত রোডের বাসিন্দা সারণী বন্দ্যোপাধ্যায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শনিবার সকালে প্রাণ হারাল। সপ্তম শ্রেণির ছাত্রী সারণী পড়ত বৈদ্যনাথ গার্লস হাইস্কুলে।
পরিবার সূত্রের খবর, গত কয়েকদিন ধরে জ্বর ও শারীরিক দুর্বলতার জন্য তাকে প্রথমে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু চিকিৎসায় ত্রুটি থাকায় তার অবস্থার আরও অবনতি হয়। পরে তাকে তপসিয়ার একটি বড় বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই শনিবার ভোর ৫টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়। ঘটনার জেরে শোকস্তব্ধ এলাকা। একই সঙ্গে ছড়িয়েছে ডেঙ্গুর আতঙ্কও।
মৃতের মা সংবাদমাধ্যমকে জানান, প্রথম হাসপাতালে সঠিক চিকিৎসা না হওয়ায় সারণীর ফুসফুসে জল জমেছিল, যা পরে গুরুতর শ্বাসকষ্টের কারণ হয়ে দাঁড়ায়। দ্বিতীয় হাসপাতালের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি। তবে মৃতার মায়ের অভিযোগ, প্রথম হাসপাতাল যথাযথ ব্যবস্থা নিলে হয়তো সারণীর জীবন রক্ষা করা যেত।

Be the first to comment