রোজদিন ডেস্ক : বাংলায় বহিরাগতদের ঢুকিয়ে ভোট করানোর চেষ্টা করছে বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে ভবানীপুরে সেই একই খেলা খেলতে চাইছে তারা। এর প্রতিবাদে গর্জে উঠল দেশ বাঁচাও গণমঞ্চ। ‘গণতন্ত্র বাঁচাও, ভোটাধিকার বাঁচাও’ এই শ্লোগান তুলে আসরে নামলেন মঞ্চের প্রতিনিধিরা। সোমবার ভবানীপুর কেন্দ্রের হরিশ মুখার্জি রোডে এর প্রতিবাদে একটি নাগরিক সভা করে গণমঞ্চ। সভায় বক্তারা প্রত্যেকেই গণতন্ত্র বাঁঁচানোর পক্ষে সরব হন। ভবানীপুর পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, যার একপাশে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বাড়ি এবং আর এক পাশে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি। সেই ভবানীপুর কেন্দ্রে সোমবার বিজেপি ও আরএসএসের কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নাগরিক সভা করল দেশ বাঁচাও গণমঞ্চ। নাগরিক সংগঠন হিসেবে তারা প্রথম থেকেই বিজেপির বিভিন্ন অসাংবিধানিক, অনৈতিক কাজকর্মের বিরুদ্ধে সরব। সোমবার স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রে বিজেপিকে একটিও ভোট না দেওয়ার দাবি জানাল গণমঞ্চ। এই দিন পথসভায় উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক হরনাথ চক্রবর্তী, কবি জয় গোস্বামী, কবি শ্রীজাত, চিকিৎসক শান্তিরঞ্জন দাসগুপ্ত, প্রাক্তন ফুটবলার সমরেশ চৌধুরী, অর্থনীতিবিদ অভিরূপ সরকার, মানবাধিকার কর্মী সুজাত ভদ্র, অনন্যা চক্রবর্তী, রন্তিদেব সেনগুপ্ত, অভিনেত্রী পিয়া সেনগুপ্ত, অধ্যাপিকা সৈয়দ তানভীর নাসরীন, চিকিৎসক অরিন্দম বিশ্বাস, অভিনেতা শ্যামল দত্ত, অভিনেত্রী সোমা চক্রবর্তী, অভিনেতা রাহুল চক্রবর্তী, অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায়, চিকিৎসক সিদ্ধার্থ গুপ্ত, প্রিয়জিৎ মিত্র, শিল্পী পর্ণাভ বন্দ্যোপাধ্যায়, বাচিক শিল্পী সুতপা বন্দ্যোপাধ্যায়, বাচিক শিল্পী শোভন সুন্দর বসু, চিত্রা বসু, অভিনেত্রী এলফিনা মুখোপাধ্যায়, মারুফ হোসেন, শুদ্ধসত্ত্ব ঘোষ, অমিত কালী, প্রদীপ্ত গুহঠাকুরতা, সুমন ভট্টাচার্য প্রমুখ। সঞ্চালনায় ছিলেন সুশান রায়। সদস্যরা তাঁদের বক্তব্যে স্পষ্ট করে দেন, পশ্চিমবঙ্গের প্রায় ৯২ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে চক্রান্ত করে। বিভিন্ন ধরনের অসাংবিধানিক, অনৈতিক পন্থা অবলম্বন করে বাংলায় ঢুকতে চাইছে বিজেপি। যদি তারা ঢুকে যায়, তাহলে তারা শুধু মুসলিম বা দলিত নয়, সকলের গণতান্ত্রিক অধিকার হরণ করবে। সুতরাং বিজেপিকে একটা ভোটও দেওয়া যাবে না। নির্বাচনের আগে দেশ বাঁচাও গণমঞ্চের এই প্রতিবাদ সভা বিজেপিকে প্রতিহত করার শক্তি জোগাবে মানুষকে, এমনই মনে করছেন বিশিষ্টরা।

Be the first to comment