রমিত সরকার, নদীয়া :
চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে ধুবুলিয়া (Dhubulia) থানার পুলিশের জালে ধরা পড়ল দুই ব্যক্তি। ধৃতদের নাম ফকির শেখ ও ওমর আলী মল্লিক। ফকির শেখের বাড়ি নাকাশিপাড়া থানার হরিদ্রাপোতা গ্রামে এবং ওমর আলী মল্লিকের বাড়ি একই থানার সুখসাগর গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতায় অফিস খুলে সিকিউরিটি গার্ড, মেট্রোরেল-সহ বিভিন্ন সংস্থায় চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হত। সেই প্রতিশ্রুতিতে একাধিক চাকরিপ্রার্থীর কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নেওয়ার অভিযোগ ওঠে। তদন্তে পুলিশের হাতে এমন কিছু তথ্যপ্রমাণ আসে, যার ভিত্তিতে অভিযুক্তদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতারণার মাধ্যমে সংগৃহীত কয়েক লক্ষ টাকা জমা পড়ার বিষয়টিও সামনে আসে।
তদন্তের সূত্র ধরে গতকাল গভীর রাতে ধুবুলিয়া ও নাকাশিপাড়া থানার পুলিশের যৌথ অভিযানে দুজনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে দুজনেই নিজেদের অপরাধ স্বীকার করেছে। ধৃতদের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার তাঁদের কৃষ্ণনগর দায়রা আদালতে পেশ করা হয়। ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Be the first to comment