রমিত সরকার, নদীয়া :
নাকাশিপাড়ায় (Nakashipara) কংগ্রেস নেতা তথা নদিয়া জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আনিসুর রহমান এবং তাঁর ছেলের জোড়া খুনের ঘটনায় আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম আমিন শেখ ও জাহাঙ্গীর শেখ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আমিন শেখ হরনগরের বাসিন্দা। তাঁকে কর্ণাটক থেকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, নাকাশিপাড়া থানার গিরিধারীপুরের বাসিন্দা জাহাঙ্গীর শেখকে উড়িষ্যা থেকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার রাতেই দু’জনকে ট্রানজিট রিমান্ডে নাকাশিপাড়া থানায় নিয়ে আসা হয়। বুধবার তাঁদের কৃষ্ণনগর জেলা আদালতে পেশ করা হয়েছে।
পুলিশের দাবি, জেরায় ধৃতরা জানিয়েছে, হরনগর অঞ্চল তৃণমূলের সভাপতি জুব্বার শেখের স্ত্রী তথা হরনগর পঞ্চায়েতের প্রধান ফতেমা বিবি তাঁদের খুনের জন্য সুপারি দিয়েছিলেন। এই মামলায় ফতেমা বিবিকে আগেই গ্রেফতার করেছে পুলিশ।
দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে খুনের পরিকল্পনা, সুপারি দেওয়ার নেপথ্যের কারণ এবং ঘটনার সঙ্গে আরও কারা জড়িত, তা জানার চেষ্টা করছে তদন্তকারীরা। জোড়া খুনের ঘটনায় পরপর গ্রেফতারে তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে পুলিশ।

Be the first to comment